শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

আমাকে চড় মেরে ১ কোটি রুপি আয় করেছে হরভজন, দাবি শ্রীশান্তের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

আমাকে চড় মেরে ১ কোটি রুপি আয় করেছে হরভজন, দাবি শ্রীশান্তের

সাবেক দুই ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ও এস শ্রীশান্তের সম্পর্কের তিক্ততা আবারও চরমে পৌঁছেছে। ২০০৮ সালের আইপিএলের সেই কুখ্যাত 'থাপ্পড়কাণ্ড' বা 'স্ল্যাপগেট' বিতর্ক নিয়ে পুরোনো ক্ষত আবারও দগদগে হয়ে উঠেছে। সম্প্রতি শ্রীশান্তের এক বিস্ফোরক দাবির পর জানা গেছে, বর্তমানে এই দুই তারকা আর একে অপরের সাথে কথা বলছেন না।

শ্রীশান্তের দাবি অনুযায়ী, হরভজন সিং আইপিএলের সেই থাপ্পড়কাণ্ডকে কেন্দ্র করে একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা আয় করেছেন। শুধু তাই নয়, শ্রীশান্ত আরও অভিযোগ করেছেন যে, হরভজন তাকে বিজ্ঞাপনটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করতে অনুরোধ করেছিলেন, যা শ্রীশান্ত সরাসরি প্রত্যাখ্যান করেন।


বিজ্ঞাপন


মালায়লাম সংবাদমাধ্যম 'মাতৃভূমি'-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীশান্ত বলেন, "আমি কখনোই কোনো সাক্ষাৎকারে ভাজ্জিকে (হরভজন) নিয়ে কিছু বলিনি। এবারই প্রথম বলছি। কিছুদিন আগে পর্যন্তও আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না, কিন্তু সে আবারও সেই ঘটনা নিয়ে একটি বিজ্ঞাপন বানালো। ওখান থেকে সে প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা কামিয়েছে।"

হরভজন সেই বিজ্ঞাপন শ্রীশান্তকে ইন্সটাগ্রামে শেয়ার করার অনুরোধও জানিয়েছিলেন, এমন দাবি করে শ্রীশান্ত আরও বলেন, "এরপর সে আমাকে ফোন করে অনুরোধ করল যেন আমি বিজ্ঞাপনটি স্টোরি হিসেবে শেয়ার করি। আমি তাকে বলেছি, 'আমি ক্ষমা করি কিন্তু ভুলে যাই না।' কেউ যদি আপনার সাথে অন্যায় করে, তবে তাকে ক্ষমা করে দেওয়া উচিত কিন্তু ঘটনাটি ভুলে যাওয়া ঠিক নয়। ভুলে গেলে তারা একই কাজ আবারও করবে। সে (হরভজন) এর সবচেয়ে বড় উদাহরণ।"

হরভজনের এই আচরণে হতাশ শ্রীশান্ত জানিয়েছেন যে, যাকে তিনি একসময় 'ভাই' বলে ডাকতেন, তার সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। ২০০৮ সালের সেই ঘটনার জন্য তিনি হরভজনকে ক্ষমা করলেও, সাবেক এই অফ-স্পিনারের সাম্প্রতিক কর্মকাণ্ড তিনি মেনে নিতে পারছেন না।

শ্রীশান্ত আরও বলেন, "ওই ব্যক্তির সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই। আমি তাকে ভাই ডাকতাম। কিন্তু গত এক-দুই মাসে সে ওই বিজ্ঞাপনটি বানানোর পর আমি তাকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছি। আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন ক্ষমা করতে, কিন্তু ভুলে না যেতে। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তাকে আমার প্রয়োজনও নেই। ঈশ্বর তার ও তার পরিবারের মঙ্গল করুন।"


বিজ্ঞাপন


শ্রীশান্তের মতে, অনেক সাক্ষাৎকারে হরভজন তার মেয়ের কথা বলে মানুষের কাছে নিজেকে 'মহৎ' প্রমাণের চেষ্টা করেন, কিন্তু শ্রীশান্তের কাছে এটি স্রেফ একটি 'অভিনয়'। তিনি মনে করেন, ভারত দলে খেলার সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত হরভজন যা করছেন তা একটি সাজানো নাটক, যা শ্রীশান্তের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর