শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাসিনি-দুলানির ব্যাটে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

হাসিনি-দুলানির ব্যাটে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

রাজশাহীর মাঠে শেষ হাসিটা হাসল লঙ্কান মেয়েরাই। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির দায়িত্বশীল হাফ-সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের দেওয়া লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায় সফরকারীরা।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় উইকেটে পেরেরা ও দুলানির ১০৮ রানের জুটি শ্রীলঙ্কার জয়ের পথ সুগম করে দেয়। পেরেরা ১৩১ বলে ৯৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন, আর দুলানি করেন ৫৬ রান।


বিজ্ঞাপন


রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল লঙ্কানরা। মারুফা আক্তারের বলে মাত্র ১০ রানেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে পেরেরা ও দুলানি সেই ধাক্কা সামলে ইনিংস এগিয়ে নেন করেন। ব্যক্তিগত ৫৬ রানে দুলানিকে আউট করে ব্রেকথ্রু এনে দেন মারুফা, কিন্তু পেরেরা এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে নিয়ে যান। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি হাঁকানো পেরেরা হার্ষিতা সামারাবিক্রমার (অপরাজিত ৪৪) সাথে আরও একটি ৭৮ রানের জুটি গড়েন।

পেরেরা যখন নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে, তখন তাকে আউট করেন সোবহানা মোস্তারি। আক্ষেপ নিয়ে পেরেরা ফিরলেও ততক্ষণে লঙ্কানদের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

উল্লেখ্য, প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতে ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে সফরকারীরা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১৩ রান তোলে বাংলাদেশ, যা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ। দলের পক্ষে সোবহানা মোস্তারি খেলেন ৮০ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ৪০ রান। এক পর্যায়ে ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলেন এই দুজনই। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৬৫ রান। শেষ দিকে ঋতু মণির ১৬ বলে ২০ রানের ক্যামিওতে ২০০ পার করে স্বাগতিকরা।


বিজ্ঞাপন


শ্রীলঙ্কার পক্ষে বল হাতে কাভিসা দিলহারি ৪৮ রানে ৩টি এবং নিমাশা মিপেজ ২ উইকেট শিকার করেন। ওয়ানডে সিরিজের লড়াই শেষে এবার দুই দল কুড়ি ওভারের ক্রিকেটে মুখোমুখি হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ এপ্রিল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর