শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

শেষ সময়ে গোল হজম, রিয়ালের শিরোপার স্বপ্নে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

শেষ সময়ে গোল হজম, রিয়ালের শিরোপার স্বপ্নে বড় ধাক্কা

বার্সেলোনার সাবেক ডিফেন্ডার হেক্টর বেলেরিনের শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে রিয়াল বেতিস। শুক্রবারের এই ড্র লা লিগার শিরোপা লড়াইয়ে বেলেরিনের সাবেক ক্লাব বার্সেলোনাকে বড় সুবিধা করে দিয়েছে।

আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ এই ম্যাচে জয় পেলে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগ পেত। কিন্তু ভিনিসিউস জুনিয়রের করা শুরুর গোলটি বেলেরিন শোধ করে দিলে বার্সেলোনা এখন রিয়ালের চেয়ে সাময়িকভাবে ৮ পয়েন্ট এগিয়ে রয়েছে। ইনজুরির কারণে কিশোর উইঙ্গার লামিন ইয়ামালকে ছাড়াই শনিবার গেটাফের মুখোমুখি হবে হান্সি ফ্লিকের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেই ম্যাচে জিতলে তারা লস ব্ল্যাঙ্কোসদের চেয়ে ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।


বিজ্ঞাপন


ম্যাচের ১৭ মিনিটে ভিনিসিউসের গোলটি রিয়ালকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল, যা তাদের শিরোপা জেতার ক্ষীণ আশাকে বাঁচিয়ে রাখতে পারত। কিন্তু ইনজুরি টাইমে বেলেরিনের গোল রিয়াল শিবিরকে স্তব্ধ করে দেয়। ম্যাচ শেষে রিয়াল কোচ আরবেলোয়া সাংবাদিকদের বলেন, "শেষ মুহূর্তে আমরা আবারও বড় ধাক্কা খেলাম, যা আমাদের সাথে এর আগেও অনেকবার ঘটেছে। আমি মনে করি না আমরা এই ফলাফলের যোগ্য ছিলাম কারণ আমাদের জয়ের অনেক সুযোগ ছিল।"

আরবেলোয়া রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন যে এটি ম্যাচের ফলাফলে "বড় প্রভাব ফেলেছে"। যদিও ম্যাচে বেতিসেরও পেনাল্টি নিয়ে যৌক্তিক অভিযোগ ছিল। পঞ্চম স্থানে থাকা স্বাগতিক বেতিস ম্যাচের শুরুতে ব্রাহিম দিয়াজের হ্যান্ডবল নিয়ে পেনাল্টির দাবি জানালেও তা নাকচ হয়ে যায়।

এর কিছুক্ষণ পরই এগিয়ে যায় সফরকারীরা। ফেদেরিকো ভালভার্দের শট বেতিস গোলরক্ষক আলভারো ভায়েস ঠিকঠাক ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে গোল করেন ভিনিসিউস। জুড বেলিংহ্যাম ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও ভায়েস তা রুখে দেন।

ম্যাচে ফেরার জন্য মরিয়া বেতিসের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। থিবো কোর্তোয়ার ইনজুরিতে সুযোগ পাওয়া লুনিন একের পর এক সেভ করে প্রথমার্ধে রিয়ালকে লিড ধরে রাখতে সাহায্য করেন। তিনি আন্তোনির দুটি শট এবং সেড্রিক বাকাম্বুর নিশ্চিত সুযোগ নসাৎ করে দেন।


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধের শুরুতে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে কিলিয়ান এমবাপে জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর আবারও লুনিন ত্রাতা হয়ে আসেন কুচো হার্নান্দেজ এবং আন্তোনির আক্রমণ রুখে দিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার আন্তোনি পুরো ম্যাচে রিয়ালের জন্য বড় হুমকি ছিলেন। ম্যাচের শেষ দিকে ডি-বক্সে ফারল্যান্ড মেন্দির বাধায় তিনি পড়ে গেলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি।

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ফরাসি স্ট্রাইকার এমবাপেকে মাঠ থেকে তুলে নেওয়ার অনুরোধ করতে দেখা যায়, যা বিশ্বকাপের আগে তার চোট নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে আন্তোনিও রুডিগার একটি ক্রস ব্লক করার পর লুজ বল পেয়ে জালে জড়ান বেলেরিন এবং বেতিসকে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন।

ম্যাচ শেষে বেলেরিন ডাজন কে বলেন, "এসব মুহূর্তে চিন্তা করার সময় খুব কম থাকে। আমাদের অনেক সুযোগ ছিল এবং আমার মনে হচ্ছিল ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত গোলটি করতে পেরে ভালো লাগছে।"

বর্তমানে চতুর্থ স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে বেতিস। তবে ডিয়েগো সিমিওনের দল চ্যাম্পিয়ন্স লিগে বেশি মনোযোগ দেওয়ায় লিগের ম্যাচগুলোতে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নামাচ্ছে। এটি আন্দালুসিয়ান ক্লাব বেতিসকে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার এক ক্ষীণ আশা দেখাচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর