শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভিনিসিয়ুসকে ‘বর্ণবাদী গালি’ দেওয়া সেই প্রেস্তিয়ানি ৬ ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

ভিনিসিয়ুসকে ‘বর্ণবাদী গালি’ দেওয়া সেই প্রেস্তিয়ানি ৬ ম্যাচ নিষিদ্ধ

বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিদ্বেষপূর্ণ আচরণ ও ‘বর্ণবাদী গালি’ দেওয়ার ঘটনার দায়ে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। তবে এই শাস্তির মধ্যে তিন ম্যাচের নিষেধাজ্ঞা আগামী দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-০ ব্যবধানে জয় পায়। সেই ম্যাচে প্রেস্তিয়ানির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি রিয়াল ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।


বিজ্ঞাপন


ছয় ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে একটি ম্যাচ প্রেস্তিয়ানি ইতিমধ্যে গত ফেব্রুয়ারিতেই (সাময়িক স্থগিতাদেশ চলাকালীন) কাটিয়েছেন। ফলে, স্থগিত থাকা তিন ম্যাচের নিষেধাজ্ঞা যদি কার্যকর না হয়, তবে তাকে এখন মাত্র আরও দুটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে।

গত ১৭ ফেব্রুয়ারি লিসবনে অনুষ্ঠিত সেই ম্যাচে ভিনিসিউস জুনিয়র অভিযোগ করেছিলেন যে তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়েছে। এরপর উয়েফা একজন নীতি ও শৃঙ্খলা বিষয়ক তদন্তকারী নিয়োগ করে। তদন্ত শেষে উঠে আসে যে, প্রেস্তিয়ানির আচরণ বর্ণবাদী নয় বরং সমকামী বিদ্বেষী ছিল।

4e655dd8-4ba2-4b90-bc01-747e873eb18d

উয়েফা জানিয়েছে, তারা ফিফাকে এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করার জন্য অনুরোধ জানিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতেই খবর এসেছিল যে, প্রেস্তিয়ানি নিজেই উয়েফাকে বলেছিলেন যে তিনি কোনো বর্ণবাদী শব্দ নয়, বরং একটি সমকামী বিদ্বেষী গালি ব্যবহার করেছিলেন। প্রেস্তিয়ানির সেই মন্তব্যের পর ভিনিসিউস মাঠ ছেড়ে চলে যান এবং পুনরায় ফিরতে অস্বীকৃতি জানান। এর ফলে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।


বিজ্ঞাপন


এই ঘটনাটি ফুটবলের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগামী সপ্তাহে ফিফা কংগ্রেসের আগে কানাডায় 'ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড' এর একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে কোনো খেলোয়াড় যদি তর্কের সময় মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বলে, তবে তাদের সাথে কেমন আচরণ করা উচিত, তা নিয়ে আলোচনা হবে।

গত মাসে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো স্কাই নিউজকে বলেছিলেন যে, এমন ক্ষেত্রে সরাসরি লাল কার্ড দেখানো উচিত। তিনি বলেন, "যদি কোনো খেলোয়াড় মুখ ঢেকে কিছু বলে এবং তার ফলশ্রুতিতে বর্ণবাদী কোনো বিষয় উঠে আসে, তবে অবশ্যই তাকে মাঠ থেকে বের করে দেওয়া উচিত। আমাদের ধরে নিতে হবে যে সে এমন কিছু বলেছে যা তার বলা উচিত ছিল না, নয়তো তাকে মুখ ঢাকতে হতো না।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর