আগামী ১০ মে স্পোটিফাই ক্যাম্প ন্যু-তে অনুষ্ঠিত হতে যাওয়া বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ 'এল ক্লাসিকো' ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক উন্মাদনা বিরাজ করলেও, দুই দলের দুই প্রধান তারকাকে নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। লা লিগার ৩৫তম রাউন্ডের এই হাই-ভোল্টেজ ম্যাচে কিলিয়ান এমবাপে এবং লামিন ইয়ামাল- উভয়েই অনুপস্থিত থাকতে পারেন।
বার্সেলোনা ভক্তদের জন্য দুঃসংবাদটি এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে ইয়ামাল তার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। এই চোটের কারণে তিনি চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। যদিও স্পেনের হয়ে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে এখনো আশা আছে, তবে বার্সেলোনার হয়ে এই গুরুত্বপূর্ণ ক্লাসিকো এবং লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাকে আর পাওয়া যাচ্ছে না। বর্তমানে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা।
বিজ্ঞাপন
অন্যদিকে, ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ দুশ্চিন্তায় আছে কিলিয়ান এমবাপেকে নিয়ে। তবে তার সমস্যাটি চোট নয়, বরং শৃঙ্খলাজনিত। এমবাপে চলতি মৌসুমে লা লিগায় ইতিমধ্যে ৪টি হলুদ কার্ড পেয়েছেন, ওসাসুনার বিপক্ষে প্রতিপক্ষকে বাধা দেওয়ার জন্য, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সময় নষ্ট করার জন্য এবং এলচে ও জিরোনার বিপক্ষে তর্কে জড়ানোর কারণে।
নিয়ম অনুযায়ী, আর মাত্র একটি হলুদ কার্ড পেলেই এমবাপে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। ২৭ ম্যাচে ২৪ গোল করা এই ফরাসি ফরোয়ার্ড যদি এস্পানিওলের বিপক্ষে পরবর্তী ম্যাচে হলুদ কার্ড পান, তবে তিনি সরাসরি বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি মিস করবেন।
এই পরিস্থিতি এড়াতে এমবাপের সামনে একটি সুযোগ আছে। তিনি যদি আগামী শুক্রবার রিয়াল বেতিসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নিজের পঞ্চম হলুদ কার্ডটি পান, তবে তিনি পরবর্তী এস্পানিওল ম্যাচে নিষিদ্ধ থাকবেন। এতে করে ১০ মে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলার পথ পরিষ্কার হয়ে যাবে।
এই অনিশ্চয়তা রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া এবং বার্সেলোনা কোচিং স্টাফ, উভয় পক্ষের পরিকল্পনাই ওলটপালট করে দিচ্ছে। একদিকে চোটের কারণে ইয়ামালের অনুপস্থিতি নিশ্চিত, অন্যদিকে কার্ডের খাঁড়া ঝুলছে এমবাপের ওপর। লা লিগার শিরোপা নির্ধারণী এই ম্যাচের উত্তেজনা এখন মাঠের বাইরেও তুঙ্গে।




