অ্যাডাক্টর ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির মিডফিল্ডার সার্জ গ্যানাব্রি। গত শনিবার বায়ার্ন মিউনিখ ঘোষণা করেছিল যে, এই মিডফিল্ডারকে "দীর্ঘ সময়ের জন্য" মাঠের বাইরে থাকতে হবে। এরপর থেকেই ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের মূল আসরে তার অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গ্যানাব্রি ১০টি গোল করেছেন এবং ১২টি অ্যাসিস্ট করেছেন। বায়ার্ন স্কোয়াডের মধ্যে হ্যারি কেন (৫৬), মাইকেল অলিস (৪৩) এবং লুইস ডিয়াজ (৩৯)-এর পর সরাসরি গোল কন্ট্রিবিউশনে তার অবস্থান চতুর্থ।
বিজ্ঞাপন
৩০ বছর বয়সী এই তারকা বুধবার আনুষ্ঠানিকভাবে জানান যে, এই মৌসুমে তিনি আর মাঠে নামতে পারছেন না। ফলে বিশ্বকাপে জার্মানির হয়ে তার খেলা হচ্ছে না, যেখানে গ্রুপ 'ই'-তে জার্মানির প্রতিপক্ষ কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যানাব্রি লিখেছেন, "গত কয়েক দিন আমার জন্য মেনে নেওয়া খুব কঠিন ছিল। গত সপ্তাহান্তে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত হওয়ার পর বায়ার্নের হয়ে এই মৌসুমে এখনও অনেক কিছু পাওয়ার বাকি ছিল। আর জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন- দুর্ভাগ্যবশত সেটি আমার জন্য শেষ হয়ে গেল। দেশের বাকি মানুষের মতো আমিও বাড়ি থেকে ছেলেদের সমর্থন দিয়ে যাব। এখন আমার পুরো মনোযোগ সুস্থ হয়ে ওঠা এবং প্রাক-মৌসুমের লড়াইয়ে ফেরার দিকে।"
বিশ্বকাপ মিশন শুরু করার আগে জার্মানি ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।




