শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে আইসিসির শাস্তি পেলেন আমিরাতের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে আইসিসির শাস্তি পেলেন আমিরাতের অধিনায়ক

সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। কীর্তিপুরে নেপালের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন আম্পায়ারিং নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলায় তাকে এই শাস্তির সম্মুখীন হতে হলো।

ম্যাচের একদম প্রথম বলেই মুহাম্মদ ওয়াসিম এলবিডব্লিউ আউট হন। আউট হওয়ার পরপরই তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং ইশারায় বোঝাতে চান যে বলটি লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল। পরে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আম্পায়ারিং পক্ষপাতদুষ্ট ছিল বলে মন্তব্য করেন, যেখানে তার দল নেপালের কাছে আট উইকেটে হেরে যায়।


বিজ্ঞাপন


গত ২৪ মাসের মধ্যে এটি ছিল ওয়াসিমের প্রথম অপরাধ। তিনি আইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.৭ অনুযায়ী লেভেল-১ পর্যায়ের নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। লেভেল-১ ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হিসেবে তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

মাঠের আম্পায়ার বুদ্ধি প্রধান ও বিনয় কুমার, তৃতীয় আম্পায়ার দুর্গা সুবেদি এবং চতুর্থ আম্পায়ার সঞ্জয় সিগদেল আরব আমিরাত অধিনায়কের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

ওয়াসিম নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি ওয়েন্ডেল ল্যাব্রুয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এই বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর