লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাব চেলসি ফুটবল ক্লাবের জন্য এটা এক অস্বস্তিকর সময়। টানা ব্যর্থতা আর ঐতিহাসিক খারাপ ফলাফলের জেরে প্রধান কোচ লিয়াম রোজেনিওরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে চেলসি কর্তৃপক্ষ। বুধবার (২২ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। দায়িত্ব গ্রহণের চার মাস পর বরখাস্ত হয়েছেন এই ইংলিশ কোচ। স্ট্যাম্পফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে ছয় বছরের চুক্তি ছিল তার।
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরপরই এই বড় পরিবর্তন আসে। এই হারের সঙ্গে চেলসি প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ হেরেছে, যার একটিতেও তারা গোল করতে পারেনি। এমন ধারাবাহিক ব্যর্থতা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯১২ সালে, অর্থাৎ প্রায় ১১৪ বছর আগে। এই লজ্জাজনক রেকর্ড চেলসির সমর্থকদের মধ্যে গভীর অসন্তোষ তৈরি করেছে।
বিজ্ঞাপন
বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন এখন ঝুঁকিতে, কারণ পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে। হাতে খুব কম ম্যাচ বাকি থাকায় ঘুরে দাঁড়ানোর সময়ও সীমিত।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে সাম্প্রতিক ফলাফল ও পারফরম্যান্স আমাদের প্রত্যাশার অনেক নিচে নেমে গিয়েছিল।” একই সঙ্গে রোজেনিওরের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে চেলসি।
জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়া রোজেনিওর দীর্ঘমেয়াদি চুক্তিতে যোগ দিয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই দলের ফর্ম ধসে পড়ে। শেষ নয় লিগ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে ব্লুজরা। সমর্থকদের ক্ষোভ এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পরই কর্তৃপক্ষ এই কঠিন সিদ্ধান্ত নেয়।
এখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন চেলসির অনূর্ধ্ব-২১ দলের কোচ ক্যালাম ম্যাকফারলেন (কলাম ম্যাকফারলেন)। মৌসুমের বাকি অংশ তিনিই প্রথম দলের দায়িত্ব সামলাবেন। বিদ্যমান সহকারী কোচিং স্টাফদের সহায়তায় তিনি দলকে ইউরোপিয়ান কোয়ালিফিকেশন নিশ্চিত করা এবং এফএ কাপে ভালো করার লক্ষ্যে নিয়ে যাবেন। সামনে এফএ কাপের সেমিফাইনালসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ অপেক্ষা করছে।




