ফুটবলের আলোকিত তারকা জুড বেলিংহাম এবার ক্রিকেটেও বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের এই তরুণ মিডফিল্ডার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর দল বার্মিংহাম ফিনিক্স-এর ১.২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। প্রায় ১০ লাখ পাউন্ডের (বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি টাকার বেশি) এই চুক্তি আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বেলিংহামের এই বিনিয়োগ বার্মিংহামের সঙ্গে তার গভীর আবেগেরই প্রতিফলন। শহরের বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ২২ বছর বয়সী ফুটবলার ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত। তিনি উরচেস্টারশায়ারের হ্যাগলি ক্রিকেট ক্লাবে জুনিয়র পর্যায়ে খেলেছেন এবং একবার সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন, সুযোগ পেলে তিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে জায়গা বদল করতে চান!
বিজ্ঞাপন
গত বছর বার্মিংহাম ফিনিক্স ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির জন্য তোলা হয়। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট (যারা বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবেরও মালিক) দলটির ৪৯ শতাংশ শেয়ার কিনে নেয় প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডে। বাকি ৫১ শতাংশ রেখে দেয় ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।
নতুন চুক্তিতে বেলিংহাম উভয় পক্ষ থেকে ০.৬ শতাংশ করে শেয়ার কিনেছেন। ফলে ওয়ারউইকশায়ারের মালিকানা এখন ৫০.৪ শতাংশে নেমে এসেছে, আর নাইটহেড ক্যাপিটালের হয়েছে ৪৮.৪ শতাংশ। ওয়ারউইকশায়ার এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
এদিকে ২০২৬ সালের দ্য হান্ড্রেড নিলামে বার্মিংহাম ফিনিক্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ভিত্তি মূল্য ১ লাখ পাউন্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) কিনেছে। এটি হবে ফিজের দ্য হান্ড্রেডে প্রথম অংশগ্রহণ।
মুস্তাফিজ খেলবেন জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার মতো খেলোয়াড়দের সঙ্গে। টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হবে আগামী ২১ জুলাই।




