বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কার হাতে উঠবে হামজা-জামালদের সামলানোর দায়িত্ব

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম

শেয়ার করুন:

কার হাতে উঠবে হামজা-জামালদের সামলানোর দায়িত্ব

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ হওয়ার পর লাল-সবুজের জার্সি পরা বাংলাদেশের ফুটবল দলটিকে কোন অভিজ্ঞ কোচের হাতে তুলে দেওয়া হবে, এ নিয়ে উত্তেজনা ও কৌতূহল চরমে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ) ইতোমধ্যে নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। কাবরেরার চুক্তি ৩০ এপ্রিল শেষ হচ্ছে এবং ফেডারেশন স্পষ্ট জানিয়েছে, তিনি চাইলে আবার আবেদন করতে পারবেন, তবে নতুন মুখের সন্ধান চলছে।


বিজ্ঞাপন


হামজা-জামালদের কোচ হতে দুই শতাধিক আবেদন জমা পড়েছে। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকা করতে তিন সদস্যের কমিটি করেছে ফেডারেশন। বাফুফের ট্যাকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন বলেন, ‘নির্বাহী কমিটির অন্যতম দুই সদস্য ছাইদ হাসান কানন ও ইকবাল হোসেন এবং আমাকে নিয়ে একটি বিশেষ কমিটি হয়েছে। আমরা এই সপ্তাহের মধ্যে কোচদের সিভি পর্যালোচনা করে একটি তালিকা করে ন্যাশনাল টিমস কমিটির কাছে প্রতিবেদন দেব।’

সংক্ষিপ্ত তালিকার পর জাতীয় দল কমিটি কোচদের সাক্ষাৎকার নেবেন। বেতন ও অন্যান্য বিষয়ে সমঝোতা হলে নিয়োগ চূড়ান্ত হবে বলে জানা গেছে।

আবেদনকারীদের তালিকায় বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন নামী কোচের নাম উঠে এসেছে। সবচেয়ে আলোচিতদের মধ্যে রয়েছেন জার্মান কোচ অ্যান্টোয়েন হে। শালকে ক্লাবের হয়ে খেলা এই সাবেক ফুটবলার দুই দশকেরও বেশি সময় ধরে এশিয়া ও আফ্রিকার ফুটবলে কাজ করেছেন। মায়ানমার, রুয়ান্ডা, কেনিয়া, লাইবেরিয়াসহ একাধিক জাতীয় দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তাঁকে আলাদা মাত্রা দিয়েছে।

আরেক জার্মান কোচ বার্ন্ড স্টর্ক ও আবেদন করেছেন বলে খবর। ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরিকে রাউন্ড অব ১৬-এ তুলে দিয়ে রূপকথা লেখা এই কোচ কাজাখস্তান ও বেলজিয়ামের ক্লাব ফুটবলেও সাফল্য দেখিয়েছেন। তাঁর প্রতিরক্ষামূলক কৌশল ও শৃঙ্খলার জন্য তিনি বেশ পরিচিত।


বিজ্ঞাপন


দক্ষিণ এশিয়ার ফুটবলের সঙ্গে পরিচিত মুখ হিসেবে আলোচনায় আছেন ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। ভারতের হয়ে দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো এই ৫৮ বছর বয়সী কোচ অঞ্চলের ফুটবলের ধাঁচ, খেলোয়াড়দের মানসিকতা ও চ্যালেঞ্জ সম্পর্কে ভালোভাবে জানেন। বর্তমানে তিনি বসনিয়ার ক্লাব জ্রিনজস্কি মোস্তারের দায়িত্বে রয়েছেন।

ফরাসি কোচ দিদিয়ের অলে-নিকোলো ও আবেদনকারীদের তালিকায় রয়েছেন। ওজিসি নিস ও পিএসজি নারী দলের মতো শীর্ষ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তাঁকে এক ভিন্ন উচ্চতা দিয়েছে। এছাড়া পর্তুগিজ কোচ অ্যান্টনিও কনসেইসাও-এর নামও গুঞ্জনে ভাসছে। বিদেশি কোচদের পাশাপাশি দেশীয় দুই অভিজ্ঞ মুখ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টুকেও নিয়ে আলোচনা চলছে।

বাফুফের নির্বাহী কমিটির আসন্ন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। হামজা চৌধুরীর মতো প্রতিভাবান খেলোয়াড়রা যখন আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরছেন, তখন দলের সামনে দরকার এমন একজন কোচ, যিনি শুধু ফলাফল নয়, বরং খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা ও শ্রেষ্ঠত্বের স্বপ্ন জাগিয়ে তুলতে পারবেন।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর