বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পূরণ করতে হলে মাঠে সত্যিকারের নেতার প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির কোচ হান্সি ফ্লিক। মঙ্গলবার সেল্টা ভিগোর বিপক্ষে লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ৬১ বছর বয়সী এই জার্মান কোচ তার দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও খেলোয়াড়দের নেতৃত্বের গুণাবলী নিয়ে কথা বলেন।
গত সপ্তাহে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ফ্লিক এই মন্তব্য করলেন। গত মৌসুমেও তার দল ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। ফ্লিকের অধীনে বার্সেলোনা গত মৌসুমে ঘরোয়া ফুটবলে 'ডাবল' জিতেছিল এবং বর্তমানে লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা ধরে রাখার পথে রয়েছে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, "এটা কোনো অজুহাত নয়, তবে মার্চ ও এপ্রিলের মতো গুরুত্বপূর্ণ সময়ে সব খেলোয়াড়কে দলে পাওয়াটা খুব জরুরি। অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচে আমরা ফ্রেঙ্কি (ডি ইয়ং) এবং রাফিনহাকে পাইনি।"
নেতৃত্বের অভাব প্রসঙ্গে ফ্লিক আরও যোগ করেন, "গত বছর আমাদের ইনিগো (মার্টিনেজ) ছিল, যে একজন দারুণ নেতা। আমাদের এমন খেলোয়াড় দরকার যারা মাঠে নেতৃত্ব দিতে সক্ষম; যারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের মতো কঠিন সময়ে মাঠে কথা বলবে এবং বাকিদের পথ দেখাবে।"
বার্সেলোনার বর্তমান দলটি মূলত ক্লাবের যুব একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়দের নিয়ে গঠিত। তাদের 'তরুণ' উল্লেখ করে ফ্লিক জানান, প্রতিটি হার থেকে শিক্ষা নিয়ে দলটিকে আরও এগিয়ে যেতে হবে। ট্রান্সফার মার্কেটে সঠিক সিদ্ধান্তের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "আমি বিশ্বাস করি আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারব। সামনের বছরগুলোর জন্য আমাদের একটি চমৎকার দল আছে।"
নিজের ভবিষ্যৎ নিয়ে ফ্লিক সরাসরি বিস্তারিত কিছু না বললেও জানিয়েছেন, তিনি আশা করছেন তার চুক্তির মেয়াদ বাড়বে। এটিকেই তার কোচিং ক্যারিয়ারের "শেষ কাজ" বা শেষ গন্তব্য হিসেবে উল্লেখ করেন তিনি। তবে নতুন কোনো স্ট্রাইকার বা ফরোয়ার্ড দলে নেওয়ার বিষয়ে তিনি কোনো স্পষ্ট মন্তব্য করেননি।




