সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল এখন শুধু মাঠের নেতা নন, বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক দায়িত্বও সামলাচ্ছেন। সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
তামিম বলেন, অ্যাডহক কমিটির তিন মাসের মেয়াদ ৭ জুলাই শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করতে চান তিনি। এতে করে ক্রিকেট বোর্ডের কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত যেন না ঘটে, সেটাই মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল। সেদিনই জানানো হয়, তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে।
গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচন হয়েছিল। সে সময় তামিমের নেতৃত্বে একটি প্যানেল পরিচালক পদে মনোনয়ন জমা দিয়েছিল, কিন্তু পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এবার অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে তিনি সরাসরি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
অ্যাডহক কমিটির মেয়াদ সীমিত। তাই তামিম ও তার টিম চান, মেয়াদ শেষ হওয়ার আগেই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থায়ী পরিচালনা পর্ষদ গঠন করা হোক। এতে করে বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে।
এসটি




