সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

দর্শকদের দুয়ো, বিতর্কের মুখে নেইমারের অদ্ভুত সাফাই!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

দর্শকদের দুয়ো, বিতর্কের মুখে নেইমারের অদ্ভুত সাফাই!

সান্তোসে ফিরে এসে নেইমারের জীবনটা যেন এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একসময়ের বিশ্বমাত্রার তারকা, যিনি ভিলা বেলমিরোতে শৈশব কাটিয়েছেন, সেখানেই এখন সমর্থকদের ক্ষোভের মূল লক্ষ্যবস্তু হয়ে উঠছেন। গতকাল ব্রাজিলিয়ান লিগে ফ্লুমিনেন্সের কাছে ৩-২ গোলে হারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

ম্যাচ শেষে ভিলা বেলমিরো স্টেডিয়ামে দুয়োর ঝড় বয়ে যাচ্ছিল সান্তোস দলের ওপর। ঠিক তখনই নেইমারকে দেখা গেল দুই হাতের আঙুল দিয়ে কান চেপে ধরে টানেলের দিকে এগিয়ে যেতে। সমর্থকরা এটাকে তাদের প্রতিবাদ উপেক্ষা করার ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গি হিসেবে দেখেছেন। ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেইমারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়।


বিজ্ঞাপন


নেইমার অবশ্য এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আজ এমন দিনও এল যখন আমাকে ‘কান চুলকানোর’ ব্যাখ্যা দিতে হচ্ছে! সত্যি বলছি, আপনারা সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এসবের মধ্যে বেঁচে থাকাটা খুবই কষ্টের। কোনো মানুষের পক্ষেই এটা সহ্য করা সম্ভব নয়।”

এই হারের পর সান্তোস রেলিগেশন জোনের খুব কাছাকাছি চলে এসেছে। বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের ১৫তম স্থানে রয়েছে, যা রেলিগেশন জোনে থাকা করিন্থিয়ান্সের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি। নেইমারের জন্য এটি টানা দ্বিতীয় ম্যাচ যেখানে তিনি ঘরের সমর্থকদের রোষের শিকার হয়েছেন। কয়েকদিন আগে কোপা সুদামেরিকানায় রেকোলেটার সঙ্গে ড্রয়ের পরও সমর্থকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছিল।

নেইমারকে নিয়ে ব্রাজিলের জনমতও এখন দুই ভাগে বিভক্ত। একটি জরিপে দেখা গেছে, প্রায় ৪৭% মানুষ তার পক্ষে থাকলেও ৪৫% তার বিপক্ষে। বিশ্বকাপের দল ঘোষণার আর মাত্র এক মাস বাকি। নেইমার টানা তিন ম্যাচ খেললেও এখনো নিজের সেরা ফর্ম ফিরে পাননি। ফ্লুমিনেন্সের বিপক্ষে তার কয়েকটি ভুলও দলের হারে ভূমিকা রেখেছে।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর