এক সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্যই ছিলেন রুবেল হোসেন। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পেছনেও তাঁর অবদান অবিস্মরণীয়। তবে ২০২১ সালের এপ্রিলের পর থেকেই জাতীয় দলে আর সুযোগ পাননি রুবেল। লম্বা সময় লাল-সবুজের দলের বাইরে থাকা এই ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অবসর নেওয়া রুবেলকে আজ সম্মাননা জানিয়েছে বিসিবি।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের আগে মিরপুর শেরে-ই বাংলায় তাকে সম্মাননা দেয় বিসিবি। রুবেলকে সম্মাননা জানানোর অনুষ্ঠানে বিসিবি প্রধান তামিম ইকবালসহ বোর্ডের আরও বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এদিকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে দর্শকসহ ক্যারিয়ারের সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ জানিয়েছেন রুবেল।
বিজ্ঞাপন
অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুবেল বলেন, ‘আসসালামু আলাইকুম। শুরুতেই বলতে চাই, আমি অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেছিলেন—রুবেল আমরা তোকে সম্মানিত করতে চাই। এই বিষয়টা গর্বের এবং আনন্দের ছিল। আজকে আমাকে যেভাবে সম্মানিত করল এ জন্য বিসিবি এবং তামিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
শৈশবের কোচ সারোয়ার ইমরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘একজন মানুষের কথা না বললেই নয়, যিনি আমাকে পেসার হান্ট থেকে তুলে নিয়েছেন, তিনি সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। তাঁর সুস্থতা কামনা করছি। আমি গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞ। আমি আমার বাবা মা আমাতে উৎসাহ দিয়েছিলেন। তাদের আজ খুব মিস করছি। এ ছাড়া খারাপ সময়ে যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’




