রোববার ইডেন গার্ডেনে স্বল্প পুঁজির লড়াইয়ে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল ২০২৬ আসরের প্রথম জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রিংকু সিংয়ের অপরাজিত ৫৩ রানের ইনিংস কেকেআরকে এই কাঙ্ক্ষিত জয় এনে দেয়।
প্রথমে ব্যাটিং করে রাজস্থান ৯ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।
বিজ্ঞাপন
জবাবে ব্যাটিংয়ে নেমে কলকাতা শুরুতে চরম বিপর্যয়ে পড়ে। ৫ রানে ২ উইকেট এবং পরে ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে তারা ধুঁকতে থাকে। এর আগে কেকেআর পাঁচটি পরাজয় এবং বৃষ্টির কারণে পণ্ড হওয়া ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল। সেখান থেকে দলকে টেনে তোলেন বাঁহাতি রিংকু সিং, হাতে দুই বল বাকি থাকতেই নিশ্চিত করেন জয়।
রিংকু তার ৩৪ বলের ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান। অষ্টম উইকেট জুটিতে অনুকূল রায়ের সাথে তিনি গড়েন অপরাজিত ৭৬ রানের জুটি। অনুকূল রায় ২৯ রানে অপরাজিত থাকেন।
১৯তম ওভারে জফরা আর্চারের বলে অনুকূল রায়ের একটি গুরুত্বপূর্ণ ছক্কা কলকাতাকে স্বস্তি দেয়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। ব্যক্তিগত ৮ রানে নান্দ্রে বার্গারের হাতে জীবন পাওয়া রিংকু শেষ ওভারে দুটি চার এবং একটি ছক্কা মেরে নিজের অর্ধশতক পূর্ণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল কলকাতা। ইনিংসের প্রথম বলেই টিম সাইফার্টকে বোল্ড করেন আর্চার। এরপর অধিনায়ক অজিঙ্কা রাহানেকে শূন্য রানে ফেরান দক্ষিণ আফ্রিকান পেসার বার্গার।
বিজ্ঞাপন
কেকেআরের ক্যামেরন গ্রিন ১৩ বলে ২৭ রান করে সাবলীল দেখালেও রবি বিষ্ণোইয়ের বলে স্টাম্পড হন। রবীন্দ্র জাদেজাও দুই উইকেট নিয়ে রাজস্থানকে লড়াইয়ে রেখেছিলেন, কিন্তু রিংকু সিং তার পাওয়া সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে তিনবারের চ্যাম্পিয়নদের জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালস শুরুটা দারুণ করেছিল। যশস্বী জয়সওয়াল (৩৯) এবং টি-টোয়েন্টি সেনসেশন সূর্যবংশী উদ্বোধনী জুটিতে ৮১ রান যোগ করেন। সূর্যবংশী তার ২৮ বলের ইনিংসে ছয়টি চার ও দুটি ছক্কা মারেন। তবে বরুণ চক্রবর্তী সূর্যবংশীকে ফিরিয়ে ধসের সূচনা করেন। তিনি ১৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া কার্তিক ত্যাগী তিনটি গুরুত্বপূর্ণ উইকেট এবং সুনীল নারিন ২৬ রানে ২ উইকেট দখল করেন।




