ইন্টার মায়ামির অন্তর্বর্তীকালীন কোচ গিয়েরমো হোয়েসের সঙ্গে লিওনেল মেসির পরিচয়টা দুই দশকেরও পুরোনো। তখনকার কিশোর মেসি এখন ফুটবল বিশ্বের সর্বকালের সেরাদের একজন। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএস) দলের জয়ের পর তাকে বিশ্বের সেরা কোচ হিসেবে আখ্যা দিয়েছেন হোয়োস।
শনিবার কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারানোর ম্যাচে মায়ামির হয়ে জোড়া গোল করেন মেসি। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে দল এগিয়ে দেওয়ার পর ৭৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন মায়ামি অধিনায়ক। এতে টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ের দেখা পায় দলটি।
বিজ্ঞাপন
মায়ামিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতানোর মাত্র চার মাস পরেই গত মঙ্গলবার দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান হাভিয়ের মাসচেরানো। তার এই আকস্মিক প্রস্থানের পর ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হোয়োসকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে এটিই ছিল মায়ামির প্রথম ম্যাচ।
মেসির সঙ্গে হোয়োসের পরিচয়টা হয় ২০ বছরেরও বেশি সময় আগে যখন তিনি বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে কাজ করতেন। সেখান থেকেই পরবর্তীতে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠেন মেসি।
দলের জয়ের পর নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে সংবাদ সম্মেলনে হোয়োস বলেন, “এটি একটি চমৎকার অভিজ্ঞতা কারণ এখানে ইতিহাসের সেরা খেলোয়াড়সহ অত্যন্ত মানসম্পন্ন খেলোয়াড়রা রয়েছেন। আমি অনেকবারই রোমাঞ্চিত হয়েছি, কারণ ফুটবল মানেই আসলে সেই আবেগ এবং উন্মাদনা।”
স্বদেশি ও রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে কোচিং করানোর পদ্ধতি নিয়ে জানতে চাওয়া হলে মায়ামি কোচ বলেন, “বিশ্বের সেরা কোচ আসলে মাঠের ভেতরেই রয়েছেন। আমরা কোচরা কেবল পথপ্রদর্শক মাত্র।”




