ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি হারায় দ্বিতীয় ম্যাচটিই এখন সিরিজ বাঁচানোর লড়াই। এ লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসের কথাই শোনালেন শরিফুল ইসলাম। সেই সঙ্গে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথাও শুনিয়েছেন টাইগার এই পেসার।
প্রথম ম্যাচের একাদশে হুট করেই ডাক পেয়েছিলেন শরিফুল। মুস্তাফিজুর রহমান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় ডাক পড়ে শরিফুলের। ১৬ মাস পর ওয়ানডেতে ফিরেই দুর্দান্ত বোলিং করেন তিনি, ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট পেয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে তিনি দলে থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়। মুস্তাফিজ ফিট হওয়ায় তাঁর খেলার সম্ভাবনাই বেশি।
বিজ্ঞাপন
তবে একাদশে থাকবেন কি না তা নিয়ে ভাবছেন না শরিফুল। তিনি এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই তৈরি থাকি ম্যাচ খেলতে। এখন সিদ্ধান্ত কোচ নেবে। এটা তো আমার হাতে কিছু নেই। যে দল দেবে, আমরা তা নিয়েই মাঠে নামব।’
এদিকে দ্বিতীয় ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চান শরিফুলরা। তিনি বলেন, ‘এখনো আমাদের হাতে দুইটা ম্যাচ আছে। আমাদের ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য আছে। একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল, আমরাও ভালো দল। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব।’
প্রথম ওয়ানডেতে বোলারদের দুর্দান্ত পারফর্ম্যান্সেই নিউজিল্যান্ড ২৪৭ রানে বেঁধে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। কিন্তু ছোট লক্ষ্যও পেরোতে পারেনি টাইগাররা, অল আউট হয় ২২১ রানেই। তবে ব্যাটারদের ব্যর্থ মানতে নারাজ শরিফুল। বরং ব্যাটারদের আরও সাহায্য করার কথা জানালেন তিনি, বলেন, ‘আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, হয়তো তাদের জন্য সহজ হতো। পরের ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদের সমর্থন দেবে। আমরাও তাদের সাপোর্ট দেব দলগতভাবে আমরা ম্যাচ জিতব। ক্রিকেট খেলায় এ রকম আসেই এক বিভাগ ভালো করে, অন্য বিভাগ ব্যর্থ হয়। এটা নিয়ে আমরা আশাবাদী যে পরের ম্যাচে ভালো করব।’




