টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক অফ-ফর্মের কারণে বেশ সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এক সময়ের নির্ভরযোগ্য এই ক্রিকেটার টানা ব্যর্থতার জেরে জাতীয় দল থেকে জায়গা হারিয়েছেন। চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) তার ভাগ্যের চাকা ঘোরেনি; তার দল রাওয়ালপিন্ডিজ টানা সাত ম্যাচে হারের মুখ দেখেছে।
জাতীয় দলে ফেরার সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে রিজওয়ান অত্যন্ত সততার সাথে নিজের বর্তমান অবস্থা স্বীকার করে নেন। তিনি স্পষ্ট জানান, বর্তমান পারফরম্যান্স অনুযায়ী তিনি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "যখন আমি বিগ ব্যাশে খেলছিলাম, তখন দল নির্বাচন করা হয়েছিল। আমি তখনই বলেছিলাম যে আমার বর্তমান পারফরম্যান্স দিয়ে পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য আমি নই।"
বিজ্ঞাপন
তবে ফর্ম হারালোও এখনই হাল ছাড়ছেন না এই ব্যাটার। দ্রুতই ছন্দে ফেরার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। অতীতের এক ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "আমি সেই একই ব্যক্তি যার সামনে আপনারা বসে বলেছিলেন যে আমি ছক্কা মারতে পারি না। আমি সত্যিটা স্বীকার করছি। হ্যারিস (রউফ) পেছনে বসে আছে, ও সাক্ষী। আমরা এটা নিয়ে কথা বলছিলাম এবং আমি ওকে বলেছিলাম যে আমার বর্তমান খেলা দিয়ে দলে জায়গা পাওয়া উচিত নয়।"
রিজওয়ান আরও যোগ করেন, "আমরাও তো মানুষ। আমি শুরুতেই বলেছি যে আমার ভুল হয়েছে এবং পারফরম্যান্স ভালো নয়। কিন্তু তার মানে এই নয় যে আমি আশা হারিয়ে ঘরে বসে থাকব কিংবা ক্রিকেট ছেড়ে দেব। যতক্ষণ শরীরে শক্তি আছে, আমি লড়াই চালিয়ে যাব।"
নিজের সততার প্রমাণ দিয়ে তিনি বলেন, "যখনই আমার খেলা ভালো যায়নি, আমি নিজেই অধিনায়কদের বলেছি অন্য কাউকে সুযোগ দিতে। এর আগে যখন সাইফি ভাই (সরফরাজ আহমেদ) দলে ছিলেন, তখনও আমি এমনটা করেছি। সত্য বলতে আমি কাউকে ভয় পাই না।"
ক্রিকেটকে নিজের জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে উল্লেখ করে রিজওয়ান বলেন, "ক্রিকেট আমার কাছে একটি প্যাশন। আমি টি-টোয়েন্টি, টেস্ট এবং ওয়ানডে- সব ফরম্যাটই খেলি কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি। জীবনে ক্রিকেট ছাড়া আমি আর কিছুই জানি না। আমার কোনো ব্যবসা নেই বা অন্য কোনো খেলাও খেলি না।"
বিজ্ঞাপন
খারাপ সময় চললেও নিজের পরিশ্রমের ওপর পূর্ণ আস্থা আছে তার। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, "হ্যাঁ, এখন আমি হারছি এবং পারফরম্যান্সও আশানুরূপ নয়। কিন্তু আল্লাহর ইচ্ছায় আমার কঠোর পরিশ্রমে কোনো কমতি নেই। আমি বিশ্বাস করি, এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমি আবারও আপনাদের সামনে সগৌরবে দাঁড়াব।"




