রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, তিনি যেকোনো পরিস্থিতিতে দলের নায়ক হয়ে উঠতে পারেন। নতুন ভারপ্রাপ্ত কোচের প্রথম ম্যাচেই জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ৩-২ গোলে জয় এনে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। কোলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে এই জয় মিয়ামির অপরাজিত সিরিজকে আরও লম্বা করেছে।

শনিবার রাতে এম্পাওয়ার ফিল্ডে অনুষ্ঠিত মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। মিয়ামির হয়ে অন্য গোলটি করেন জার্মান বার্তেরামি। তবে ম্যাচের আকর্ষণ ছিল শুধু গোল নয়, দর্শকদের উপস্থিতিও। ৭৫,৮২৪ জন দর্শক মাঠে বসে খেলা দেখেছেন, যা এমএলএসের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড।


বিজ্ঞাপন


ম্যাচের আগেই ইন্টার মিয়ামিতে বড় পরিবর্তন ঘটে। প্রধান কোচ হাভিয়ের মাচেরানো (জাভিয়ের মাসচেরানো) ব্যক্তিগত কারণে দায়িত্ব ছেড়ে দেন। তার জায়গায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেন গুইলের্মো হয়োস। মেসির সঙ্গে পুরনো সম্পর্ক থাকায় হয়োসের অভিষেক ম্যাচটি আরও বিশেষ হয়ে ওঠে।

ম্যাচে মিয়ামি খুব একটা দাপট দেখাতে পারেনি। কোলোরাডো প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে ১০টি শট নেয়, যার ৪টি লক্ষ্যে। অন্যদিকে মিয়ামি মাত্র ৫টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে, আর সবকটিই গোলে পরিণত হয়।

ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মেসি। ডি-বক্সের ভেতর ইয়ানিক ব্রাইটের ওপর ফাউল করায় পেনাল্টি পায় মিয়ামি। স্পট কিক থেকে শান্তভাবে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বার্তেরামি গোল করে মিয়ামিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর কোলোরাডো ঘুরে দাঁড়ায়। ৫৮ মিনিটে রাফায়েল নাভারো এবং ৬২ মিনিটে ড্যারেন ইয়াপি গোল করে সমতা ফেরান (২-২)।


বিজ্ঞাপন


ঠিক তখনই দেখা গেল মেসির ম্যাজিক। ৭৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের অসাধারণ শটে গোল করে মিয়ামিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ম্যাচের শেষ দিকে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখে ১০ জনে নেমে যায় মিয়ামি। ইনজুরি টাইমে মেসিকে হলুদ কার্ড দেখানো হয়। তবে এসব কিছুই জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

৮ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠেছে ইন্টার মিয়ামি। শীর্ষে রয়েছে ন্যাশভিল (১৯ পয়েন্ট)।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর