বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার স্বপ্ন দেখছে পাকিস্তান! আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান মজবুত করতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। শুধু একটি প্রীতি ম্যাচ নয়, আর্জেন্টিনার সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে কোচিং, টেকনিক্যাল ট্রেনিং এবং ফুটবলের মান উন্নয়নের এক নতুন দিগন্ত খুলতে চলেছে তারা।
পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মধ্যে ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সূত্র জানায়, বৈঠকে শুধু প্রীতি ম্যাচের সম্ভাবনাই নয়, আর্জেন্টিনার কোচদের পাকিস্তানে নিয়ে ট্রেনিং প্রোগ্রাম, কোচিং উন্নয়ন এবং ফুটবলের সামগ্রিক কাঠামো উন্নয়ন নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
বিজ্ঞাপন
যদি সবকিছু ঠিকঠাক এগোয়, তাহলে প্রস্তাবিত এই প্রীতি ম্যাচটি ২০২৬ ফিফা বিশ্বকাপের পর আয়োজন করা হতে পারে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষই লজিস্টিকস, সময়সূচি ও অন্যান্য কারিগরি দিকগুলো আরও ভালোভাবে পর্যালোচনা করছে।
পিএফএফ সভাপতি সৈয়দ মহসিন গিলানির নেতৃত্বে পাকিস্তান সাম্প্রতিক সময়ে উচ্চমানের দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের ফুটবলারদের অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা জোরদার করেছে। এই ধরনের ম্যাচ তাদের জন্য শুধু প্রতিযোগিতার স্বাদই নয়, শেখারও বড় সুযোগ বলে মনে করা হচ্ছে।
আর্জেন্টিনায় নিযুক্ত পাকিস্তানি দূতাবাস জানিয়েছে, ‘এএফএ পাকিস্তান’ উদ্যোগের অংশ হিসেবে তারা দুই ফেডারেশনের মধ্যে এই ফলপ্রসূ বৈঠক আয়োজনে সহায়তা করেছে। দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে পাকিস্তানের ফুটবলকে এগিয়ে নেওয়ার ব্যাপারে উভয় পক্ষই আগ্রহ দেখিয়েছে।
বৈঠকে পাকিস্তানের রাষ্ট্রদূত হাসান আফজাল খানের সভাপতিত্বে পিএফএফ সভাপতি মহসিন গিলানি এবং এএফএর মার্কেটিং পরিচালক ফ্রান্সিসকো লেম্মি উপস্থিত ছিলেন। তারা পাকিস্তানের ফুটবল উন্নয়নে বাস্তবমুখী ও টেকসই সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব দিক বিবেচনা করে আনুষ্ঠানিক ঘোষণা আসতে আরও কিছুটা সময় লাগতে পারে।
সূত্র-জিওসুপার
এসটি




