রাজধানীর পূর্বাচলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নির্মাণের পরিকল্পনা বেশ আগের। আওয়ামী লীগ সরকারের সময়ই এ পরিকল্পনা করা হয়েছিল। নৌকার আদলে এ স্টেডিয়ামের ডিজাইন হওয়ার কথা ছিল। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে যায় নাজমুল হাসান পাপনের বোর্ড। এরপর ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড ডিজাইনে পরিবর্তন আনে। এবার তামিম ইকবাল বিসিবির দায়িত্বে এসেও নকশায় পরিবর্তনের কথাই জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, পুরো ডিজাইন নয়, কিছু কিছু জায়গায় পরিবর্তন আনার কথা ভাবছেন তারা।
আজ পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। সেখানে উপস্থিত ছিলেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে সাওংবাদমাধ্যমকে তামিম জানিয়েছেন, শুধু ক্রিকেট নয়, আরও কিছু খেলার কথা মাথায় রেখেই এ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা ভাবছেন তারা।
বিজ্ঞাপন
তামিম বলেন, ‘আজকে মাননীয় মন্ত্রী (ক্রীড়া প্রতিমন্ত্রী) এসেছেন, আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু পরিবর্তন জরুরি। পরিবর্তন করব শুধু পরিবর্তন করার জন্য না। কিছু কিছু ডিজাইন পরিবর্তন করা জরুরি।’
ক্রিকেট বোর্ডের দায়িত্ব অন্য খেলা দেখে রাখা, এমনোটা জানিয়ে তামিম বলেন, ‘এটা অনেক বড় একটা প্রোপার্টি (সম্পদ)। এখানে আমাদের চেষ্টা থাকবে ক্রিকেটের সাথে মাননীয় মন্ত্রী বললেন কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি যুক্ত করে নিতে পারি তাহলে আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। টাকার দিক থেকে ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তবা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো। আমাদেরও দায়িত্ব অন্য স্পোর্টসকে দেখাশোনা করা।’
স্টেডিয়ামের নকশার ব্যাপারে তামিম বলেন, ‘যারা আমাদের এটার ডিজাইন করেছেন তাদের সাথে আলোচনা করবো। অন্য কারোর সাথে যদি কথা বলার দরকার তাদের সাথে আলোচনা করে এনএসসির সাথে একসাথে মিলে, কারণ এখানে সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই।’




