শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বার্সেলোনা থেকে ম্যানইউতে ফিরবেন র‍্যাশফোর্ড?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

বার্সেলোনা থেকে ম্যানইউতে ফিরবেন র‍্যাশফোর্ড?

বার্সেলোনায় ধারের মেয়াদ শেষ হওয়ার পর মার্কাস র‍্যাশফোর্ড কি আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন? এই সম্ভাবনাটি একেবারে নাকচ করে দেননি ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক।

ইংল্যান্ডের এই ফরোয়ার্ড ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে ইউনাইটেডের হয়ে আর মাঠে নামেননি। গত মৌসুমের শেষটা তিনি ধারে অ্যাস্টন ভিলায় কাটিয়েছিলেন, আর চলতি মৌসুমের শুরুতে পাড়ি জমান বার্সেলোনায়। লা লিগার শীর্ষে থাকা দলটির হয়ে ২৮ বছর বয়সী এই তারকা বেশ ভালো একটি মৌসুম পার করছেন। তবে শোনা যাচ্ছে, তাকে পাকাপাকিভাবে দলে ভেড়ানোর জন্য যে ২৬.১ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৩৫.২ মিলিয়ন ডলার) শর্ত রয়েছে, তা কার্যকর করা নিয়ে বার্সেলোনা এখনও নিশ্চিত নয়।


বিজ্ঞাপন


এই অনিশ্চয়তা র‍্যাশফোর্ডের ক্যারিয়ারকে এক দোলাচলের মধ্যে ফেলেছে, বিশেষ করে এমন এক গ্রীষ্মের আগে যখন তিনি উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। ইউনাইটেডের সঙ্গে তার এখনও দুই বছরের চুক্তি বাকি। শোনা যাচ্ছে, ইউনাইটেড যদি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়, তবে শর্ত অনুযায়ী তার বেতন ২৫ শতাংশ বেড়ে যাবে।

ওল্ড ট্র্যাফোর্ডে র‍্যাশফোর্ডের ফেরার সম্ভাবনা নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্যারিক সাংবাদিকদের বলেন, "কিছু বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি, আর মার্কাসের পরিস্থিতিটা তেমনই। তবে এই মুহূর্তে কিছুই চূড়ান্ত হয়নি। সঠিক সময়ে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নিতেই হবে, কিন্তু এই পর্যায়ে এই বিষয়ে বলার মতো কিছু নেই।"

পয়েন্ট টেবিলের তিনে থাকা ইউনাইটেড শনিবার চেলসির মাঠে জিতলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। স্ট্যামফোর্ড ব্রিজে ক্যারিকের অধীনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা মিডফিল্ডার কোবি মাইনু চোট কাটিয়ে ফিরতে পারেন। র‍্যাশফোর্ডের মতো ২০ বছর বয়সী মাইনুর ভবিষ্যৎও ইউনাইটেডের সাবেক কোচ রুবেন আমোরিমের অধীনে অনিশ্চিত মনে হয়েছিল।

ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারও ক্যারিকের অধীনে দারুণভাবে ফর্মে ফিরেছেন, যা র‍্যাশফোর্ডকে শৈশবের প্রিয় ক্লাবে ফেরার নতুন আশা জোগাতে পারে। ক্যারিক যোগ করেন, "আমার দিক থেকে বলতে পারি, এখন যারা এখানে আছে, আমি তাদের নিয়েই কাজ করতে চাই। তাদের সেরাটা বের করে আনা এবং উন্নতির পথে সাহায্য করাই আমার লক্ষ্য। তাই এই মুহূর্তে আমার পুরো মনোযোগ বর্তমান স্কোয়াডের ওপর। আর ধারে থাকা খেলোয়াড়দের ক্ষেত্রে পরে যা হওয়ার তা হবেই।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর