শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম

শেয়ার করুন:

ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে একটা ড্র-ই যথেষ্ট ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে হঠাৎ চাপে পড়ে গিয়েছিল কভেন্ট্রি সিটি। মনে হচ্ছিল, প্রমোশনের স্বপ্নটা আবারও দেরি করে যাবে। তবে নাটকের নায়ক হয়ে উঠলেন ববি থমাস। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৬ মিনিট আগে দারুণ এক হেডে সমতা ফিরিয়ে আনেন তিনি। বাকি সময়টা ধরে রেখে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে কভেন্ট্রি, আর সঙ্গে সঙ্গে উদযাপন শুরু হয়ে যায়।

ম্যাচের শেষ বাঁশি বাজতেই ডাগআউট থেকে ছুটে আসেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। গ্যালারিতে হাজারো সমর্থকের গগনভেদী চিৎকার, স্লোগান আর আনন্দের ঢেউ। ৭,৫০০-এর বেশি কভেন্ট্রি ভক্ত যেন ২৫ বছরের দুঃখ-কষ্ট এক নিমেষে ভুলে গেলেন। এই এক পয়েন্টেই নিশ্চিত হয়ে গেল কভেন্ট্রি সিটি আবার প্রিমিয়ার লিগে ফিরছে।


বিজ্ঞাপন


২০০১ সালের ৫ মে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছিল ক্লাবটি। তারপর থেকে শুরু হয় দীর্ঘ অন্ধকার অধ্যায়। একের পর এক ব্যর্থতা, ২০১৭ সালে চতুর্থ স্তরে (লিগ টু) নেমে যাওয়া, আর্থিক সংকট, দেউলিয়া হওয়ার শঙ্কা এমনকি অন্য ক্লাবের মাঠে ভাগাভাগি করে খেলতে হয়েছে। ভক্তরা মালিকপক্ষের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন। কিন্তু হাল ছাড়েননি সমর্থকরা।

এবার সেই দুঃসময়ের অবসান ঘটল। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের নেতৃত্বে চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে কভেন্ট্রি। ২০২৪ সালের নভেম্বরে ল্যাম্পার্ড দায়িত্ব নেওয়ার সময় ক্লাবটি মাঝামাঝি অবস্থানে ছিল। কিন্তু তার অধীনে দলটা একেবারে বদলে গেছে। এ মৌসুমে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। ২৫ জয়, ১১ ড্র ও ৭ হার। তিন ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগে উঠে গেল ‘স্কাই ব্লুজ’।

ল্যাম্পার্ড ম্যাচের পর আবেগাপ্লুত হয়ে বলেন, “২৫ বছর পর এমন কিছু করা সত্যিই অসাধারণ। গত মৌসুমে প্লে-অফে সান্ডারল্যান্ডের কাছে হারের পরও ছেলেরা ফিরে এসেছে। গ্রীষ্মে আমরা আলোচনা করেছিলাম কীভাবে আরও ভালো করা যায়। তারা কাজটা শেষ করেছে। নিজের এবং স্টাফদের জন্য আমি গর্বিত। ১৫ মাস আগে যখন এসেছিলাম, অনেক কিছুই অজানা ছিল। এখন আমরা এই ক্লাবের প্রেমে পড়ে গেছি। এটা আমার সেরা অর্জনগুলোর একটা।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর