শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

হামজাদের সঙ্গে বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন আরো এক প্রবাসী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

হামজাদের সঙ্গে বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন আরো এক প্রবাসী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী প্রতিভাদের যোগদান এখন আর অস্বাভাবিক কোনো ঘটনা নয়। হামজা চৌধুরী ও শমিত শোমের পর এবার সেই তালিকায় নতুন করে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফুটবলার ট্রেভর ইসলাম। তার সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে দেশের ফুটবল মহলে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

২১ বছর বয়সী ট্রেভর ইসলাম (জন্ম: ১২ আগস্ট ২০০৪) বর্তমানে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। পাশাপাশি তিনি এনসিএএ ডিভিশন-১ লিগে স্ট্যানফোর্ড কার্ডিনাল দলের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন। 


বিজ্ঞাপন


মূলত সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেললেও তিনি লেফট ও রাইট উইংয়েও দক্ষতার সঙ্গে পারফর্ম করতে পারেন। তার গোল করার ক্ষমতা, ফিনিশিং এবং মাঠের দুই প্রান্তে গতি ও দক্ষতা বাংলাদেশ দলের আক্রমণভাগের দীর্ঘদিনের গোল সংকট মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। সাম্প্রতিক মৌসুমে তিনি এসিসি কনফারেন্সে অফেনসিভ প্লেয়ার অব দ্য উইকের মতো স্বীকৃতিও পেয়েছেন।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর থেকে ট্রেভরের সঙ্গে যোগাযোগ শুরু হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তার জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পাসপোর্ট তৈরির প্রক্রিয়া চলছে এবং আশা করা হচ্ছে মে মাসের মধ্যেই এটি সম্পন্ন হবে।

পাসপোর্ট হাতে পেলেও তাৎক্ষণিকভাবে জাতীয় দলে খেলা সম্ভব নয়। স্ট্যানফোর্ডে পড়াশোনা এবং এনসিএএ লিগের ব্যস্ততার কারণে এ বছর তার জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। 

তবে সবকিছু সুষ্ঠুভাবে এগোলে ২০২৭ সালের শুরু থেকেই ট্রেভর ইসলামকে বাংলাদেশের হয়ে নিয়মিত মাঠে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর