মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৭ এপ্রিল) প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল। শুরুটা তাদের জন্য স্বস্তির ছিল না। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে চাপ তৈরি করেন। তবে মাঝপথে কিউই ব্যাটসম্যানরা কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ দিকে বাংলাদেশের দারুণ প্রত্যাবর্তনে বড় স্কোর গড়তে পারেনি সফরকারীরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে থামে কিউইদের ইনিংস।
শুরুর ১০ ওভারে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ড রান তুলতে হিমশিম খায়। শরিফুল প্রথম ওভারেই নিক কেলিকে বোল্ড করে স্বাগতিকদের উৎসাহ জোগান। একটি ক্যাচ মিসের সুযোগ নিয়ে হেনরি নিকোলস ও উইল ইয়াং জুটি গড়ে তোলেন। ইয়াং ৩০ রান করে ফিরলেও নিকোলস ধৈর্যশীল ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন।
বিজ্ঞাপন
টম ল্যাথামকে সঙ্গে নিয়ে নিকোলস ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। স্পিনারদের বিপক্ষে সাবলীল খেলে নিয়মিত বাউন্ডারি হাঁকান। কিন্তু মেহেদী হাসান মিরাজ ল্যাথামকে বোল্ড করে জুটি ভেঙে দেন। এরপর রিশাদ হোসেনের স্পিন ঘূর্ণিতে বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। দারুণ খেলতে থাকা নিকোলস ৬৮ রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শরিফুল ফিরে এসে মোহাম্মদ আব্বাসকে তুলে নেন। শেষদিকে ডিন ফক্সক্রফট চেষ্টা করেন ইনিংস টেনে নিতে। তিনি অর্ধশতক তুলে নেন (৫৯ রান), কিন্তু নাহিদ রানার বলে আউট হয়ে যান। নাথান স্মিথরা কয়েকটা রান যোগ করলেও দলকে ২৬০-এর কাছাকাছি নিয়ে যেতে পারেননি।
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড থামে ২৪৭ রানে। তাতে প্রথম ওয়ানডে জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি।




