বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রেনে কাটা পড়ে মারা গেলেন সাবেক গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

ট্রেনে কাটা পড়ে মারা গেলেন সাবেক গোলরক্ষক

অস্ট্রিয়ার সাবেক ফুটবলার ও আর্সেনালের সাবেক গোলরক্ষক আলেক্স ম্যানিঙ্গার (৪৮) প্রাইভেট কারে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ২০ মিনিট) অস্ট্রিয়ার সালজবুর্গের কাছে একটি লেভেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, ম্যানিঙ্গার একাই গাড়িতে ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা তাঁকে গাড়ি থেকে বের করে ডেফিব্রিলেটর ব্যবহার করে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। ট্রেনের চালক অক্ষত আছেন।


বিজ্ঞাপন


আলেক্স ম্যানিঙ্গার ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত আর্সেনালের হয়ে ৬৪টি ম্যাচ খেলেন। এ সময় তিনি প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছিলেন।

আর্সেনালে তিনি মূলত ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার ডেভিড সিম্যানের ব্যাকআপ হিসেবে খেলতেন। তবে ১৯৯৭-৯৮ মৌসুমে সিম্যান ইনজুরিতে পড়লে ম্যানিঙ্গার দারুণভাবে সুযোগ পান। সেবার তিনি ওয়েস্ট হামের বিপক্ষে পেনাল্টি শুটআউটে দলকে জেতাতে সাহায্য করেন এবং ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে স্মরণীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই মার্চ মাসে তিনি প্রিমিয়ার লিগের 'প্লেয়ার অব দ্য মান্থ' নির্বাচিত হন।

তিনি অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে ৩৩টি ম্যাচ খেলেছেন এবং ২০০৮ সালে নিজ দেশে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে দলের অংশ ছিলেন।

ম্যানিঙ্গার তাঁর শহরের ক্লাব রেড বুল সালজবুর্গ থেকে ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি ইউরোপের ১৪টি ক্লাবে খেলেছেন সিয়েনা, জুভেন্টাস, উদিনেসে, আগসবুর্গসহ আরও অনেক দল। ২০১৬ সালে ৩৯ বছর বয়সে তিনি লিভারপুলের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি করেন, তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।


বিজ্ঞাপন


অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর পিটার শটেল বলেন, “আলেকজান্ডার ম্যানিঙ্গার অস্ট্রিয়ান ফুটবলের দারুণ একজন অ্যাম্বাসেডর ছিলেন মাঠে ও মাঠের বাইরে। তাঁর পেশাদারিত্ব, শান্ত মেজাজ ও নির্ভরযোগ্যতা তাঁকে দল ও জাতীয় দলে অপরিহার্য করে তুলেছিল। তাঁর অর্জনগুলো সর্বোচ্চ সম্মানের যোগ্য এবং চিরকাল অমর হয়ে থাকবে।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর