বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে রেফারিকে দুষছেন রিয়াল মাদ্রিদ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে রেফারিকে দুষছেন রিয়াল মাদ্রিদ কোচ

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ড পাওয়া নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ম্যাচের শেষ দিকে পাওয়া ওই লাল কার্ডটিই রিয়ালের কপাল পুড়িয়েছে বলে মনে করেন তিনি।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধ ছিল গোলবন্যায় ঠাসা। দুই দল মিলিয়ে মোট পাঁচটি গোল হয়, যেখানে বিরতির আগে রিয়াল ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল। প্রথম লেগের এক গোলের ঘাটতি মিটিয়ে তখন দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ৩-৩ সমতায়।


বিজ্ঞাপন


কিন্তু নাটকের তখনও বাকি ছিল। বায়ার্ন স্ট্রাইকার হ্যারি কেনকে ফাউল করার পর সময় নষ্ট করার দায়ে কামাভিঙ্গাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। ফাউলের বাঁশি বাজার পর কামাভিঙ্গা বল হাতে নিয়ে দূরে ছুড়ে মারলে রেফারি তাকে বুকিং দিতে বাধ্য হন। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। এরপর বায়ার্ন আরও দুটি গোল করলে রিয়াল ম্যাচটি ৪-৩ ব্যবধানে হেরে যায় এবং দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়।

ম্যাচ শেষে আরবেলোয়া তার ক্ষোভ লুকাতে পারেননি। ম্যাচটিকে 'দুর্দান্ত' বললেও কামাভিঙ্গার লাল কার্ডের সিদ্ধান্তকে তিনি 'অন্যায্য' এবং ম্যাচের ভাগ্য নির্ধারণী বলে মনে করেন। মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে ম্যাচ শেষের বাঁশি বাজার পর রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন রিয়ালের তরুণ তারকা আরদা গুলেরও।

টিএনটি স্পোর্টসকে আরবেলোয়া বলেন, "দ্বিতীয় লেগের ম্যাচটি সত্যিই দারুণ ছিল। প্রথম লেগে খেলতে না পারা মিলিতাও, বেলিংহাম আর মেন্ডিকে আমরা এই ম্যাচে পেয়েছিলাম এবং দল চমৎকার খেলেছে। আমরা তিনটি গোল করেছি, আরও গোল করার সুযোগ ছিল; কিন্তু ওই লাল কার্ডেই সব শেষ হয়ে গেল।"

সিদ্ধান্তটি নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, "এমন একটা ম্যাচে এই ধরণের সাধারণ ঘটনায় একজন খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেওয়া অবিশ্বাস্য! আমরা সবাই খুব মর্মাহত, ক্ষুব্ধ আর হতাশ। আমাদের মনে হচ্ছে পুরো বিষয়টিই কিছুটা অন্যায্য হয়েছে।"


বিজ্ঞাপন


অন্যদিকে বায়ার্ন উইঙ্গার মাইকেল অলিসে অবশ্য ভিন্ন মত পোষণ করেছেন। লাল কার্ড না পেলেও রিয়াল হারত বলে মনে করেন তিনি। অলিসে বলেন, "লাল কার্ডটা অনেক দেরিতে এসেছে। তার আগেই আমরা ছন্দে ফিরছিলাম এবং ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। লাল কার্ড হয়তো কিছুটা সাহায্য করেছে, তবে তার আগেই ম্যাচের গতিপথ আমাদের দিকেই ছিল।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর