বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বন্ধুত্ব নিয়ে কোনো দর কষাকষি চলে না, বললেন মেসিদের নতুন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম

শেয়ার করুন:

বন্ধুত্ব নিয়ে কোনো দর কষাকষি চলে না, বললেন মেসিদের নতুন কোচ

ইন্টার মায়ামির নতুন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ গুইলারমো হোয়োস লিওনেল মেসির সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে আর্জেন্টিনার এই মহাতারকার সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব নিয়ে ওঠা আলোচনার জবাবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন- বন্ধুত্বের সাথে পেশাদারিত্বের কোনো আপস হবে না। ২০ বছর আগে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে মেসির শুরুর দিনগুলোতে তার কোচ ছিলেন হোয়োস।

মেসি নিজেও ২০০৫ সালে এক সংবাদ সম্মেলনে তার ক্যারিয়ারে হোয়োসের প্রভাব নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। সে সময় মেসি বলেছিলেন, "বার্সেলোনায় আসার পর থেকেই তিনি আমাকে অনেক সাহায্য করেছেন, সব সময় আমার পাশে ছিলেন। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন এবং আমি আজ যেখানে আছি, সেই প্রথম বিভাগে পৌঁছাতে সম্ভাব্য সবকিছুই করেছেন।"


বিজ্ঞাপন


এখন হাভিয়ের মাশচেরানোর স্থলাভিষিক্ত হয়ে মেসির সঙ্গে সেই পুরনো রসায়ন আবারও ফিরিয়ে আনার সুযোগ পাচ্ছেন হোয়োস। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন এই কোচ বলেন, "আমি ক্লাবের সেবায় নিয়োজিত। কয়েক দিন আগেও আমি অন্য ভূমিকায় ছিলাম, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। ক্লাব যখন যা চাইবে, আমি সেখানেই আছি। এখন আমরা সম্মুখ সমরে লড়াই করার জন্য প্রস্তুত।"

মেসির সঙ্গে সম্পর্কের বিষয়ে হোয়োস বেশ স্পষ্টবাদী। তিনি বলেন, "বন্ধুত্ব নিয়ে কোনো দর কষাকষি চলে না। আমাদের বহু বছরের এক গভীর সম্পর্ক রয়েছে। তবে বন্ধুত্বের মানে এই নয় যে, আমি চব্বিশ ঘণ্টা তার ওপর ছড়ি ঘোরাব বা তাকে সবসময় চোখে চোখে রাখব।"

মেসির ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানিয়ে তিনি আরও যোগ করেন, "সবকিছুরই একটা শালীনতা থাকা উচিত। তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে হবে। ইতিহাসের সেরা ফুটবলারের পাশে থাকাটা মাঠের ভেতরে সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। আমি এর জন্য গভীরভাবে কৃতজ্ঞ।"

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত মঙ্গলবার কোচের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ান মাশচেরানো। ইএসপিএন-এর একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে নিউ ইয়র্ক রেড বুলসের সাথে ২-২ গোলে ড্র করার পরই তিনি ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন। এরপরই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর বিভাগ থেকে হোয়োসকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়।


বিজ্ঞাপন


আগামী শনিবার কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির ডাগআউটে নতুন এই অধ্যায় শুরু করতে যাচ্ছেন হোয়োস। মেসি ও হোয়োসের সেই পুরনো গুরু-শিষ্য জুটি মায়ামিকে কতটা পথ এগিয়ে নিতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর