শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

দাম দেখে দল সাজানো উচিত নয়— ২৫ কোটির গ্রিনকে নিয়ে বললেন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

দাম দেখে দল সাজানো উচিত নয়— ২৫ কোটির গ্রিনকে নিয়ে বললেন ফিঞ্চ

পাঁচ ম্যাচে একটিও জয় নেই, একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এসেছে মাত্র এক পয়েন্ট- আইপিএল ২০২৬-এ দুঃসময় কাটছে কলকাতা নাইট রাইডার্সের। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ বলে হারা ম্যাচ ছাড়া বাকি কোনো ম্যাচেই জয়ের মতো অবস্থানে দেখা যায়নি দলটিকে।

দলের পেস আক্রমণ দুর্বল, প্রধান দুই স্পিনারের একজন ছন্দে নেই, ব্যাটিংয়ে নেই ধার- সব মিলিয়ে সমস্যার শেষ নেই। তার ওপর কৌশলগত সিদ্ধান্ত নিয়েও উঠছে প্রশ্ন।


বিজ্ঞাপন


গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতার ম্যাচ শেষে সাবেক অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ বলেন, ‘কেকেআরের কৌশলগুলো মোটেও সুবিধার নয়। বিশেষ করে রান তাড়া করার সময় তাদের পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্ন আছে। নারিনকে ওপেনিংয়ে নামানোর সিদ্ধান্ত ভালো ছিল, যদিও তা কাজে আসেনি। কিন্তু অন্য সিদ্ধান্তগুলো ছিল একেবারেই অদ্ভুত।’

তবে সুনীল নারিনের সেই পরীক্ষা সফল হয়নি (২৪ বলে ১৭ রান)। ওপেনিং জুটির সঙ্গী ফিন অ্যালেনও নিয়মিত রান পাচ্ছেন না, ৫ ম্যাচে তার স্কোর ৩৭, ২৮, ৬, ৯ ও ১। মাঝের ওভারে অজিঙ্কা রাহানে ও অঙ্ক্রিশ রঘুবংশী ৩১ বলে ৫০ রানের জুটি গড়লেও সেখানে ছিল না প্রয়োজনীয় আগ্রাসন। ফিঞ্চের মতে, “ওরা খারাপ ব্যাট করেনি, কিন্তু পার্থক্য গড়ে দেওয়ার মতো কিছু ছিল না। প্রতিপক্ষ অধিনায়ককে চাপে ফেলার মতো খেলেনি।”

আরও বড় প্রশ্ন উঠছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। ২৫.২০ কোটি রুপিতে কেনা এই অলরাউন্ডারকে নিয়মিত পজিশন বদলে খেলানো হচ্ছে, এই ম্যাচে ছিলেন ৬ নম্বরে, যেখানে টি-টোয়েন্টিতে খুব কমই খেলেছেন তিনি। ফিঞ্চ বলেন, ‘নিলামের দাম দিয়ে কখনোই দল নির্বাচন করা উচিত নয়। গ্রিন স্পিনের বিপক্ষে খেলতে ধুঁকছেন। অথচ সাইডবেঞ্চে টিম সিফার্টের মতো বিশেষজ্ঞ ওপেনার বসে আছেন, যিনি দারুণ ফর্মে আছেন। কেকেআরের উচিত এখন দামের মায়া ত্যাগ করে দল পুনর্গঠন করা।’

দলের বেঞ্চে থাকা টিম সাইফার্টকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন ফিঞ্চ। “সে একজন স্পেশালিস্ট ওপেনার, অনেক শট আছে- স্কুপ, র‌্যাম্প। তাকে নিয়ে পরিকল্পনা করতে হয় প্রতিপক্ষকে। এখন সময় এসেছে দল নতুন করে সাজানোর।”


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর