সাদা বলের সিরিজের প্রস্তুতিতে প্রথমবার মাঠে নেমেই অনুশীলন সেরেছে নিউজিল্যান্ড দল। ঘরের মাঠের স্পিন-সহায়ক উইকেটের কৌশল থেকে সরে এসে বাংলাদেশ যে পেস বোলিংয়ের ওপর জোর দিচ্ছে, তা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন কিউই প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি মনে করেন, বাংলাদেশের শক্তিশালী পেস আক্রমণের সামনে বিশেষ স্পিন-ফ্রেন্ডলি পিচ বানানোর প্রয়োজন নেই।
অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে ওয়াল্টার বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের দলে দারুণ কিছু পেসার রয়েছে। তাদের স্পিন উইকেট বানানোর দরকার নেই। ফলে আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী পরিকল্পনা করে মাঠে তা কাজে লাগাতে হবে।’
বিজ্ঞাপন
সম্প্রতিক সময়ে বাংলাদেশ ঘরের মাঠে স্পিন-সহায়ক উইকেট তৈরি করে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল ভালোভাবে রপ্ত করেছিল। তবে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে তুলনামূলক ব্যালান্সড উইকেট দেখা গেছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও একই ধরনের উইকেট আশা করছেন ওয়াল্টার। তিনি জানান, বাংলাদেশের পেসারদের দক্ষতা বিবেচনায় স্পিন-নির্ভর পিচ তৈরির কোনো প্রয়োজন নেই।
নিজেদের প্রস্তুতি নিয়ে কোচ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবিলা করতেই হয়। আমরা এখানকার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ দেখেছি, যেখানে স্পিন ও পেসের লড়াই ছিল সমান। আমরা দুই ধরনের উইকেটের জন্যই প্রস্তুত রেখেছি।’
তবে বাংলাদেশের পরিবেশ ও উইকেট সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে সময় লাগবে বলে স্বীকার করেছেন ওয়াল্টার। ‘এখানকার কন্ডিশন একেবারেই ভিন্ন। আমরা সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করছি। প্রথম ম্যাচের আগে যে কয়েকদিন সময় পেয়েছি, তা হয়তো পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। তবে শ্রীলঙ্কায় ‘এ’ দলের সিরিজ খেলে অনেকে এসেছে, সব মিলিয়ে ভালোই লাগছে।’
নিউজিল্যান্ডের চেয়ে উপমহাদেশের আবহাওয়া ভিন্ন। যেটার সঙ্গে মানিয়ে নিতে বেশ বেড় পেতে সফরকারী দেশগুলোর। নিউজিল্যান্ডও তার ব্যতিক্রম নয় জানালেন ওয়াল্টার। ওয়াল্টার বলেন, ‘অবশ্যই ভিন্ন ধরনের কন্ডিশন এখানে। আমরা চেষ্টা করছি সবকিছু বুঝে নিতে। এখানে অভ্যস্ত হতে কিছুটা সময় তো লাগবে। প্রথম ম্যাচের আগে যে কয়দিন সময় পেয়েছি তা হয়ত ভালোভাবে অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয়।’
বিজ্ঞাপন
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে ২০ এপ্রিল এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।




