মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেইমারের জন্য বিশ্বকাপ দরজা খোলার ইঙ্গিত আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

নেইমারের জন্য বিশ্বকাপ দরজা খোলার ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড নেইমার জুনিয়রের ২০২৬ ফিফা বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনও জীবিত আছে। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বাস করেন, সামনে আরও দুই মাস সময় পেলে নেইমার পুরোপুরি ফিট হয়ে দলে ফিরতে পারবেন।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারকে নিয়ে আশার কথা শোনান। তিনি বলেন, “নেইমার অবশ্যই ১০০ শতাংশ ফিট হয়ে ফিরতে সক্ষম। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এবং আমি তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিশ্বকাপের আগে তার হাতে এখনও দুই মাস সময় আছে নিজেকে প্রমাণ করার।” 


বিজ্ঞাপন


৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০১৩ সাল থেকে টানা দশ বছর জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। কিন্তু ২০২৩ সালের পর থেকে গুরুতর চোটের কারণে আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি।

গত ২২ ডিসেম্বর বাম হাঁটুর ছোট অস্ত্রোপচার করান তিনি। এরপর এপ্রিলের আন্তর্জাতিক বিরতিতে পিআরপি (প্লেটলেট-রিচ প্লাজমা) চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেছেন। আনচেলত্তি এই প্রক্রিয়া নিয়ে বেশ আশাবাদী।

কোচ বলেন, “চোটের পর নেইমার বেশ ভালোভাবেই ফিরে আসছে। গোলও করছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং ফিটনেস আরও বাড়াতে হবে। সে সঠিক পথেই আছে।”

শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসে নেইমার এখন অধিনায়কের দায়িত্ব পালন করছেন। চলতি মৌসুমে অল্প কয়েকটি ম্যাচ খেলেই তিনি ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন। সবশেষ ম্যাচে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি।


বিজ্ঞাপন


তবে সান্তোস কোচ কুকা জানিয়েছেন, এটি চোটের কারণে নয়, বরং সতর্কতামূলক সিদ্ধান্ত। তিনি বলেন, “প্রতি ম্যাচে নেইমার উন্নতি করছে। অনুশীলনে বাড়তি সময় দিচ্ছে, বল নিয়ে তার মুভমেন্ট আগের চেয়ে অনেক ভালো। তবে তাকে একসঙ্গে পুরো ৯০ মিনিট খেলানো এখনও ঝুঁকিপূর্ণ। ধীরে ধীরে তাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।”

ইউরোপে বার্সেলোনা ও পিএসজির হয়ে দারুণ সময় কাটানো নেইমার চোটের কারণে ছন্দ হারিয়ে ফেলেন। পরে সৌদি আরবের আল হিলালে যোগ দিয়ে গুরুতর এসিএল ইনজুরিতে পড়েন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি সান্তোসে ফিরে আসেন এবং এখন বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন।

আনচেলত্তি শেষ কথায় পরিষ্কার করে দিয়েছেন, “আমি আগেও বলেছি- দলে ডাক পাবেন শুধুমাত্র সেই খেলোয়াড়রা, যারা শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর