মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

অ্যানফিল্ডে অসম্ভবকে সম্ভব করার আশায় লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

অ্যানফিল্ডে অসম্ভবকে সম্ভব করার আশায় লিভারপুল

চলতি ২০২৫-২৬ মৌসুমটা লিভারপুলের জন্য একেবারেই স্বপ্নভঙ্গের মতো কেটেছে। লিগ কাপে ক্রিস্টাল প্যালেসের কাছে অ্যানফিল্ডেই ৩-০ গোলে হেরে ছিটকে গেছে তারা। এফএ কাপ থেকেও আগেই বেরিয়ে গেছে। প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ শেষে মাত্র ৫২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান, শিরোপার দৌড় থেকে অনেক দূরে। ফলে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগই এখন তাদের একমাত্র ভরসা।

কিন্তু সেই পথও কঠিন। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে প্যারিসে পিএসজির কাছে ২-০ গোলে হেরেছে অল রেডস। ডিজায়ার ডু ও খভিচা কভারাটসখেলিয়ার গোলে হারের সঙ্গে পারফরম্যান্সও ছিল হতাশাজনক। লিভারপুল সেদিন অনেকটা রক্ষণাত্মক কৌশলে (ব্যাক ফাইভ) খেলে ‘সারভাইভাল মোড’-এ ছিল।


বিজ্ঞাপন


ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ আর্নে স্লট স্পষ্ট করে বলেন, “ম্যাচ যেমনই লাগুক, স্কোরলাইন তো ২-০। এই ব্যবধান ঘোচানো সম্ভব, কিন্তু আমাদের খুব, খুব, খুব বিশেষ কিছু করতে হবে। আমরা ইউরোপের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছি- কাজটা কঠিন, তবে একেবারে অসম্ভব নয়।”

স্লট আরও বলেন, পুরো মৌসুমে বড় ম্যাচগুলোতে দল ভালো পারফর্ম করেছে, তাই তাদের সামর্থ্য আছে। তবে দ্বিতীয় লেগে শুধু রক্ষণে গুটিয়ে থাকার কোনো পরিকল্পনা নেই। “যারা আমাকে চেনে, তারা জানে আমি কখনো ৯০ মিনিট লো ব্লকে খেলতে চাই না। বল কেড়ে নিতে হলে প্রেস করতেই হবে, আর সেটাই সবচেয়ে কঠিন কাজ,” যোগ করেন ডাচ কোচ।

তিনি ফ্যানদেরও আহ্বান জানিয়েছেন। “আমাদের পারফরম্যান্স যতটা গুরুত্বপূর্ণ, সমর্থকদের প্রভাবও ততটাই বড়। তারা আগেও এমন রাত দেখেছে। এবার আরও জোরে সমর্থন দরকার।”

অ্যানফিল্ডের আবহাওয়া সবসময়ই আলাদা। ২০১৯-এ বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ৪-০ জয়ের অবিস্মরণীয় কামব্যাক এখনও সবার মনে আছে। স্লট বিশ্বাস করেন, সেই গ্যালারির শক্তিই আবার পার্থক্য গড়ে দিতে পারে।


বিজ্ঞাপন


দুই গোলের ব্যবধান, শক্তিশালী প্রতিপক্ষ- সব মিলিয়ে চ্যালেঞ্জ বিশাল। তবু ইতিহাস আর অ্যানফিল্ডের জাদুতে ভর করে লিভারপুল আজ রাতে (১৪ এপ্রিল) ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। ম্যাচটা যদি জিততে পারে এবং ব্যবধান ঘোচাতে পারে, তাহলে সেমিফাইনালে যাওয়ার পথ খুলবে। নয়তো পুরো মৌসুম ট্রফিহীন কাটার শঙ্কা আরও বাড়বে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর