সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাসে ডাকাতদের হামলা, নিহত ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

বাসে ডাকাতদের হামলায় ফুটবলার নিহত

ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে আনন্দের যাত্রা হঠাৎই পরিণত হলো ভয়াবহ আতঙ্কে। রাস্তায় সশস্ত্র ডাকাতদের হামলায় গুলিবিদ্ধ হয়ে চিরকালের মতো থেমে গেল ঘানা প্রিমিয়ার লিগের প্রতিশ্রুতিশীল উইঙ্গার ডমিনিক ফ্রিমপংয়ের। মাত্র ২০ বছর বয়সেই চলে গেলেন এই উজ্জ্বল প্রতিভা।

রোববার (১২ এপ্রিল ২০২৬) রাতে ঘানা প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে সামারটেক্সের বিপক্ষে খেলে বেরেকুম চেলসি দলটি বাড়ির পথে রওনা হয়। গোয়াসো-বিবিয়ানি সড়কে (আহিয়েরেসু এলাকায়) হঠাৎ রাস্তা আটকে দেয় একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত।  


বিজ্ঞাপন


ক্লাবের বিবৃতিতে জানানো হয়, ডাকাতরা অ্যাসল্ট রাইফেলসহ গুলি চালাতে শুরু করে। বাসের চালক পিছনে গাড়ি ঘোরানোর চেষ্টা করলে গুলির বৃষ্টি নামে। আতঙ্কিত খেলোয়াড় ও স্টাফ সদস্যরা বাস থেকে নেমে আশপাশের ঝোপঝাড়ে লুকিয়ে পড়েন।  

এই হামলায় মাথায় গুলি লাগে ডমিনিক ফ্রিমপংয়ের। তাকে দ্রুত বিবিয়ানি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনিই একমাত্র নিহত বলে জানা গেছে।  

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তিনি ছিলেন একজন উজ্জ্বল তরুণ প্রতিভা, যার খেলার প্রতি নিষ্ঠা ও ভালোবাসা ঘানার ফুটবলের চেতনাকে প্রতিফলিত করত। এটি শুধু বেরেকুম চেলসির নয়, পুরো ঘানা ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। 

ফ্রিমপং জানুয়ারি মাসে আদুয়ানা এফসি থেকে লোন নিয়ে বেরেকুম চেলসিতে যোগ দিয়েছিলেন।  


বিজ্ঞাপন


জিএফএ জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ ম্যাচগুলোতে ক্লাবগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এর আগে ২০২৩ সালে একই সামারটেক্সের ম্যাচের পর লেগন সিটিজের বাসেও ডাকাতির ঘটনা ঘটেছিল, তবে তখন কেউ আহত হয়নি।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর