রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার

আর্জেন্টিনার জুজুই বিমানবন্দরে অস্বাভাবিক এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ‘বোমা’ বলে চিৎকার করে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন স্থানীয় ফুটবল ক্লাব হিমনাসিয়া ই এসগ্রিমা দে জুজুইয়ের (লোবো) ডিফেন্ডার এমিলিয়ানো এন্দ্রিজ্জি।

ঘটনাটি ঘটে শনিবার দুপুরের দিকে। দলটি প্রিমেরা নাসিওনালের নবম রাউন্ডে আগ্রোপেকুয়ারিওর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে বুয়েন্স এইরেসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বিমানে ওঠার পর এমিলিয়ানো এন্দ্রিজ্জি হঠাৎ ‘বোমা আছে’ বলে চিৎকার করেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল চালু করে। যাত্রীদের নামিয়ে ফেলা হয়, বিশেষায়িত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল পুরো বিমান ও টার্মিনাল তল্লাশি চালায়।


বিজ্ঞাপন


তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে এই ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। যাত্রীরা চরম অসুবিধায় পড়েন এবং বিমানটির উড্ডয়ন বিলম্বিত হয়। পুলিশের বিমান নিরাপত্তা ইউনিট (পিএসএ) তাৎক্ষণিকভাবে এন্দ্রিজ্জিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

৩২ বছর বয়সী এমিলিয়ানো এন্দ্রিজ্জি (যিনি ‘চাভো’ নামেও পরিচিত) ২০২৩ সাল থেকে হিমনাসিয়া জুজুইয়ের হয়ে খেলছেন। লেফট-ব্যাক হিসেবে তিনি দলের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছেন। ক্লাবের প্রমোশন প্লে-অফে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকায় এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার অনুপস্থিতি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্লাব কর্তৃপক্ষ ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। বর্তমানে এন্দ্রিজ্জি বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন। ফেডারেল আদালত তার বিরুদ্ধে ‘জনসাধারণকে ভয় দেখানো’ বা পাবলিক ইনটিমিডেশনের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রেখেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর