শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভালো কিছুর প্রত্যয়ে কিংবদন্তিদের লিগে যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম

শেয়ার করুন:

ভালো কিছুর প্রত্যয়ে কিংবদন্তিদের লিগে যাচ্ছে বাংলাদেশ

সাবেক তারকাদের নিয়ে গড়া জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল)-এর তৃতীয় আসরে এবার নতুন মাত্রা যোগ করতে চলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ নামে একটি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর পাশাপাশি এবার মাঠে দেখা যাবে বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তিদের।

গত দুই আসরে ছয়টি দল নিয়ে আয়োজিত হলেও, বাংলাদেশের যোগদানে এবার দলের সংখ্যা বেড়ে হয়েছে সাত। আয়োজকরা মনে করছেন, ক্রিকেটপ্রেমী বাংলাদেশের অংশগ্রহণ টুর্নামেন্টের জৌলুস ও প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে তুলবে।


বিজ্ঞাপন


শনিবার দুপুরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শুরুর আগে কয়েক মিনিটের জন্য সাংবাদিকদের আসনে বসে ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, যদিও তিনি মঞ্চে আসেননি।

দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত। ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে আমাদের অংশগ্রহণ বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে যেকোনো জায়গায় খেলতে প্রস্তুত আছি। গত বছর ভারতে খেলার সময় থেকেই সতীর্থদের সঙ্গে এমন একটি লিগে খেলার স্বপ্ন দেখছিলাম। আশা করি, এবার আমরা ভালো কিছু উপহার দিতে পারব।’

অন্যদিকে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম কবে বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলবে। খেলা ছাড়ার পর কোচিংয়ে চলে এসেছিলাম। আবার মাঠে ফিরে খেলার সুযোগ পাওয়ায় আমি খুবই উত্তেজিত।’

এই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের অংশগ্রহণ দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টটি সাধারণত ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় এবং সাবেক আন্তর্জাতিক তারকাদের মিলনমেলা হিসেবে পরিচিত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর