ব্রাজিলের ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন তাদের সুপারস্টার নেইমারের জাতীয় দলে ফেরার। সেই অপেক্ষায় নতুন করে আশার আলো জ্বালিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ফরাসি সংবাদপত্র লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নেইমার সঠিক পথেই এগোচ্ছেন এবং বিশ্বকাপের দলে ফেরার সম্ভাবনা এখনও উজ্জ্বল।
সম্প্রতি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা হয়নি নেইমারের। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণার আগে এটিই ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, তিনি শুধুমাত্র শতভাগ ফিট খেলোয়াড়দেরকেই বিশ্বকাপে নেবেন। তবে নেইমারের ব্যাপারে তার বিশ্বাস, এই তারকা এখনও সেই লেভেলে পৌঁছাতে পারবেন।
বিজ্ঞাপন
আনচেলত্তি বলেন, ‘হাঁটুর চোটের পর নেইমারের পুনর্বাসন ভালো হয়েছে। সে গোল করছে এবং ছন্দে ফিরছে। তাকে এই পথেই এগোতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে। সে ১০০ শতাংশ ফিটনেসে ফিরে আসতে সক্ষম।’
চলতি মৌসুমে সান্তোসের হয়ে খেলে ধীরে ধীরে নিজের পুরনো ছন্দ ফিরে পাচ্ছেন নেইমার। কোচের মতে, জাতীয় দলে তাকে সবচেয়ে বেশি কার্যকর দেখা যাবে যদি তিনি আক্রমণের কেন্দ্রে, প্রতিপক্ষের গোলপোস্টের কাছাকাছি খেলেন।
৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ আরও যোগ করেন, নেইমারকে নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। ‘সে ব্রাজিল ফুটবলের ইতিহাস গড়েছে এবং এখনও গড়ছে। তার মতো প্রতিভাবান খেলোয়াড় থাকলে মানুষ তো আশা করবেই যে, সে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখতে পারবে।’
ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং কোচিং স্টাফ মিলে নেইমারের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্বকাপ শুরুর আগে এখনও প্রায় দুই মাস সময় হাতে আছে। এই সময়ের মধ্যে নিজের সামর্থ্য প্রমাণ করতে পারলে নেইমারের জাতীয় দলে ফেরা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
এসটি




