শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বল টেম্পারিংয়ের বৈধতা চান ইংলিশ তারকা ব্যাটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

বল টেম্পারিংয়ের বৈধতা চান ইংলিশ তারকা ব্যাটার

সাবেক ইংলিশ ব্যাটার ডেভিড মালান এক বিতর্কিত মন্তব্য করে ক্রিকেট বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মালান সম্প্রতি প্রস্তাব দিয়েছেন যে, ব্যাটে-বলের লড়াইয়ে ভারসাম্য ফেরাতে বল বিকৃতি বা 'বল টেম্পারিং'কে একটি নিয়ন্ত্রিত উপায়ে বৈধতা দেওয়া উচিত।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফখর জামান, শাহীন আফ্রিদি এবং হারিস রউফকে নিয়ে তৈরি হওয়া বল টেম্পারিং বিতর্কের কয়েক সপ্তাহ পরেই মালানের এই মন্তব্য সামনে এলো। সেই ঘটনায় জড়িত থাকার কারণে ফখর জামানকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।


বিজ্ঞাপন


বিবিসির ‘স্ট্র্যাটেজিক টাইমআউট’ পডকাস্টে কথা বলার সময় মালান বলেন, বল টেম্পারিং ক্রিকেটে কোনো নতুন বিষয় নয়। তাই ক্রিকেট বোর্ডগুলোর উচিত নির্দিষ্ট নিয়মের অধীনে এটিকে বৈধ করার বিষয়টি ভেবে দেখা।

মালান বলেন, "ইতিহাস ঘাটলে দেখা যায়, বছরের পর বছর ধরে ক্রিকেটে বল বিকৃতি করতে গিয়ে অনেকেই ধরা পড়েছেন। এটি মোটেও নতুন কিছু নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি বৈধ করা উচিত- খেলোয়াড়দের কেবল বল আঁচড়ানোর অনুমতি দিন। অবশ্যই বাইরে থেকে কোনো বস্তু আনা যাবে না। তবে বল রিভার্স সুইং করানোটাও তো একটা বড় দক্ষতা।"

পাঞ্জাব কিংসের এই সাবেক ব্যাটার আরও যোগ করেন যে, বল টেম্পারিং বৈধ হলে কন্ডিশন বোলারদের অনুকূলে আসবে, বিশেষ করে ইনিংসের শেষ দিকের ওভারগুলোতে। তিনি বলেন, "যদি বল রিভার্স সুইং করে, তবে শেষ দিকে ক্রিকেট অনেক বেশি বোলার-বান্ধব হবে। তখন ম্যাচগুলো অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে; কোনো দল অনায়াসেই ছয় উইকেট হাতে রেখে জিতে যাবে না।"

"ব্যাটাররা এখন এতটাই দক্ষ যে বোলার হিসেবে আপনি যদি কোনো কৌশলগত সুবিধা পান- যেমন বলের আকার কিছুটা পরিবর্তন বা রিভার্স সুইং করানো- তবে আপনার সেটি করা উচিত। বল যদি মুভ করে, তবে সেটি ডেথ ওভারে বড় পার্থক্য গড়ে দেয়, যা একজন বোলারের জন্য সবচেয়ে কঠিন সময়।"


বিজ্ঞাপন


জানিয়ে রাখা ভালো যে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ১২ মাস এবং ক্যামেরন ব্যানক্রফট ৯ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর