রেফারির বিতর্কিত সিদ্ধান্ত আর সুযোগ নষ্ট- সব মিলিয়ে হতাশার ড্রয়ে থামল রিয়াল মাদ্রিদ। শুক্রবার জিরোনার সঙ্গে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচটি হয়তো লা লিগা শিরোপা দৌড় থেকে কার্যত ছিটকে দিল লস ব্লাঙ্কোসদের।
ম্যাচে এগিয়ে গিয়েছিল মাদ্রিদই। দ্বিতীয়ার্ধে ফেদেরিকো ভালভার্দের গোলে লিড নেয় স্বাগতিকরা। কিন্তু বেশিক্ষণ সেই আনন্দ টেকেনি—থমাস লেমারের দারুণ এক গোলে সমতায় ফেরে জিরোনা, এরপর ম্যাচ শেষ হওয়া পর্যন্ত সেই স্কোরলাইনই অটুট থাকে।
বিজ্ঞাপন
তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে শেষ দিকে। বক্সে ঢোকার সময় কিলিয়ান এমবাপের মুখে হাত লাগে জিরোনা ডিফেন্ডার ভিটর রেইসের। এতে রক্তাক্ত হন ফরাসি তারকা। তবুও রেফারি ফাউল দেননি, পেনাল্টির আবেদনও নাকচ করে দেন।
ম্যাচ শেষে এ নিয়ে ক্ষোভ লুকাননি কোচ আলভারো আরবেলোয়া। পেনাল্টির প্রসঙ্গে তিনি বলেন, “এটা এখানে পেনাল্টি, চাঁদেও পেনাল্টি। আরেকটা যোগ হলো। এটাই বাস্তবতা, এটাই হচ্ছে।”
ভিএআর নিয়ে হতাশা ঝরিয়ে আরবেলোয়া বলেন, “আমি না, কেউই বুঝতে পারছে না কেন ভিএআর হস্তক্ষেপ করল না। যখন সুবিধা হয় তখনই তারা আসে, না হলে না। আগেও বলেছি, আজকের ঘটনাও সেটা প্রমাণ করল। এটা স্পষ্ট ফাউল।”
দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন এই কোচ, “আমাদের সেরা ম্যাচ ছিল না, কিন্তু জেতা উচিত ছিল। এত সুযোগ তৈরি করেছি, প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ দিইনি—তারপরও জিততে পারিনি। এটা হতাশাজনক।”
বিজ্ঞাপন
এমবাপে ও ভিনিসিউসের গোলখরার প্রসঙ্গে তিনি বলেন, “ওদের নিয়ে চিন্তার কিছু নেই। তারা বিশ্বের সেরা ৪-৫ জনের মধ্যে। সমস্যা ব্যক্তিগত নয়, দলগত। ডিফেন্সিভ দলগুলোর বিপক্ষে আমরা এখনও ভুগছি।” শিরোপা দৌড় শেষ কি না- এমন প্রশ্নে তার জবাব, “না, যতদিন গাণিতিকভাবে সম্ভব ততদিন আমরা লড়ব। রিয়াল মাদ্রিদ শেষ দিন পর্যন্ত লড়াই করে।”




