শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

টি-টোয়েন্টিতে ১২ হাজার রানের মাইলফলকে বাবর আজম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

টি-টুয়েন্টিতে ১২ হাজার রানের মাইলফলকে বাবর আজম

পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম আরেকটি বড় মাইলফলক স্পর্শ করলেন। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে তিনি পূর্ণ করলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২ হাজার রান।

ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১১,৯৮৭ রান নিয়ে নামা বাবর ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে খুশদিল শাহকে মিড-অন দিয়ে ছক্কা মেরে পৌঁছে যান এই মাইলফলকে।


বিজ্ঞাপন


এর ফলে ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার হয়ে গেলেন পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে ১২ হাজার রান করা মাত্র ১২তম ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন ক্রিস গেইল, কিরণ পোলার্ড, বিরাট কোহলি, রোহিত শর্মা ও শোয়েব মালিকের মতো তারকারা।

সবচেয়ে বড় বিষয়, এই মাইলফলকে পৌঁছাতে সবচেয়ে কম ইনিংস খেলেছেন বাবরই। মাত্র ৩৩৮ ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করেছেন তিনি, যা গেইলের চেয়ে পাঁচ ইনিংস কম (৩৪৩ ইনিংস)। তালিকায় এরপর রয়েছেন কোহলি (৩৬০) ও ডেভিড ওয়ার্নার (৩৬৮)।

এদিকে, পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখনও গেইল। ৪৫৫ ইনিংসে তার রান ১৪,৫৬২, যেখানে রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি ফিফটি। তার ঠিক পরেই আছেন পোলার্ড (১৪,৪৮২ রান)।

পাকিস্তানের শোয়েব মালিক এই তালিকায় সপ্তম স্থানে, তার সংগ্রহ ১৩,৫৭১ রান। ১২ হাজারের বেশি রান করা ব্যাটারদের তালিকায় এখন নিজের জায়গা আরও শক্ত করলেন বাবর আজম। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৪ হাজার ৫৯৬ রান নিয়ে আগে থেকেই সর্বোচ্চ রানের মালিক বাবর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর