শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

অ্যাতলেতিকোর কাছে হেরে উয়েফায় অভিযোগ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

অ্যাতলেতিকোর কাছে হেরে উয়েফায় অভিযোগ বার্সেলোনার

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বিতর্কিত হারের পর এবার সরাসরি উয়েফার কাছে অভিযোগ জানাল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে হারের ম্যাচে রেফারিং নিয়ে ক্ষুব্ধ কাতালান ক্লাবটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।

বিতর্কের কেন্দ্র ৫৪তম মিনিটের একটি ঘটনা। গোলকিক থেকে খেলা শুরুর পর অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো বলটি খেলায় আনেন। কিন্তু এরপর ডিফেন্ডার মার্ক পুবিল নিজের বক্সের ভেতর বলটি হাতে তুলে আবার সেট করেন। এতে পেনাল্টির জোর দাবি তোলে বার্সেলোনা।


বিজ্ঞাপন


তবে ম্যাচের রেফারি ইস্তভান কোভাচ সেই দাবি নাকচ করে দেন। আরও বিস্ময়ের বিষয়, ভিএআর থেকেও তাকে মনিটরে গিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়নি যা বার্সেলোনার ক্ষোভ আরও বাড়িয়েছে। এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, “চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ক্লাবের আইনি বিভাগ আজ উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।”

বিবৃতিতে তারা আরও বলে, “৫৪তম মিনিটে খেলা নিয়ম অনুযায়ী পুনরায় শুরু হওয়ার পর প্রতিপক্ষের একজন খেলোয়াড় নিজেদের বক্সের ভেতর বল হাতে তুলে নেয়, কিন্তু কোনো পেনাল্টি দেওয়া হয়নি। এটি বড় ধরনের ভুল সিদ্ধান্ত, পাশাপাশি ভিএআরের হস্তক্ষেপ না থাকাও গুরুতর ত্রুটি।”

এই ঘটনার তদন্ত দাবি করেছে বার্সেলোনা। পাশাপাশি রেফারিং যোগাযোগের তথ্য প্রকাশ এবং ভুল স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছে তারা।

একই ধরনের ঘটনার ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আগেও দেখা গেছে। ২০২৪ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর্সেনালের ম্যাচে অনুরূপ ঘটনায় পেনাল্টি দেওয়া হয়নি। আবার একই বছর ক্লাব ব্রুজ বনাম অ্যাস্টন ভিলা ম্যাচে ভিএআর হস্তক্ষেপ করে পেনাল্টি দেয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর