বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেইমারের চুক্তি নিয়ে বিতর্ক, চাপে সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

নেইমারের চুক্তি নিয়ে বিতর্ক, চাপে সভাপতি

ব্রাজিলের ফুটবলের অন্যতম গৌরবময় ক্লাব সান্তোস এখন গভীর সংকটে। বিশ্বসেরা তারকা নেইমারের সঙ্গে করা একটি আর্থিক চুক্তি ক্লাবটিকে নতুন করে বিপদের মুখে ঠেলে দিয়েছে। প্রায় ১৮ মিলিয়ন পাউন্ডের এই দেনা পরিশোধের শর্ত নিয়ে উঠেছে সভাপতি মার্সেলো তেইশেইরার বিরুদ্ধে পদত্যাগের দাবি।

ঘটনার শুরু একটি সংশোধিত চুক্তি থেকে। নেইমারের পরিবারের প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের সঙ্গে এই চুক্তিতে কিছু এমন ধারা রাখা হয়েছে, যা অনেকের চোখে ক্লাবের স্বার্থের বিরুদ্ধে এবং ক্ষমতার অপব্যবহার বলে মনে হচ্ছে। একজন প্রসিকিউটর সরাসরি অভিযোগ করেছেন যে, চুক্তিতে একটি বিশেষ শর্ত আছে; প্রেসিডেন্ট যদি পুনর্নির্বাচিত না হন বা ক্লাবের মালিকানা কাঠামো বদলে যায়, তাহলে পুরো টাকা একবারে পরিশোধ করতে হবে। এটাকে তিনি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল বলে অভিহিত করেছেন।


বিজ্ঞাপন


আরও উদ্বেগের বিষয়, ক্লাবের ঐতিহ্যবাহী ‘মেনিনোস দা ভিলা’ ট্রেনিং গ্রাউন্ডকে জামানত হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্রুত কিস্তি পরিশোধের বাধ্যবাধকতার কারণে এই মাঠের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। অভিযোগ উঠেছে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ক্লাবের সংশ্লিষ্ট পরিষদের অনুমোদন নেওয়া হয়নি। তবুও বোর্ড সম্প্রতি আর্থিক হিসাব অনুমোদন করে দিয়েছে, যা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

বর্তমানে সান্তোসের মোট দেনা প্রায় ১৪৬ মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। একটি কিস্তি মিস করলেই পুরো অর্থ একসঙ্গে চেয়ে বসতে পারে নেইমারের পরিবারের প্রতিষ্ঠান। এতে ক্লাবটি আরও বড় ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা।

এখন সবকিছু নির্ভর করছে ক্লাবের অভ্যন্তরীণ কমিটির ওপর। তদন্ত শুরু হবে কি না, সেই সিদ্ধান্তই ঠিক করবে সান্তোসের পরবর্তী পথ। নেইমারকে ঘিরে এই চুক্তি ইতিমধ্যে ব্রাজিলের এই ঐতিহ্যবাহী ক্লাবকে গভীর অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর