বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বুলবুলের অভিযোগে নীরব আইসিসি, তামিমের কমিটিকে আশাবাদী দেখছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

বুলবুলের অভিযোগে নীরব আইসিসি, তামিমের কমিটিকে আশাবাদী দেখছে ভারত

সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে গঠিত ১১ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিমের অধীনে বোর্ড ভারত সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং এ বছরের শেষের দিকে ভারতীয় দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে। এই পদক্ষেপ দুই দেশের ক্রিকেট সম্পর্ক মেরামতের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

বিশেষ করে, বর্তমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের বাংলাদেশ সফরের পাশাপাশি এই উদ্যোগ দ্বিপাক্ষিক সিরিজ ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এটি ঢাকার নতুন প্রশাসনের একটি কূটনৈতিক প্রয়াস, যাতে সাম্প্রতিক অস্থিরতা কাটিয়ে দুই দেশের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনা যায়।


বিজ্ঞাপন


দুই দেশের ক্রিকেট সম্পর্ক সাম্প্রতিক সময়ে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছিল যখন নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। ভারতে অনুষ্ঠিত ম্যাচগুলো নিয়ে আপত্তির কারণে আইসিসি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। এ ঘটনায় দুই বোর্ডের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।

তামিম ইকবালের নেতৃত্বাধীন এই ১১ সদস্যের কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি বিসিবির প্রশাসনিক রূপান্তরের একটি অংশ, যেখানে সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়া হয়েছে।

সরিয়ে দেওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কাছে হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন। তিনি দাবি করেছেন, তার অপসারণ সরকারি হস্তক্ষেপ এবং আইসিসি নীতিমালা লঙ্ঘন। তবে আইসিসি সূত্রগুলো বলছে, এ আবেদন খুব একটা গুরুত্ব পাবে না। কারণ তার অবস্থানে স্পষ্ট অসঙ্গতি রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বুলবুল আইসিসিকে জানিয়েছিলেন যে সরকারি নির্দেশনার কারণে দল ভারতে যেতে পারেনি। এখন একই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আইসিসির সুরক্ষা চাইছেন। 


বিজ্ঞাপন


আইসিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘এটি সত্যিই আশ্চর্যজনক। এই সেই একই বোর্ড সভাপতি যিনি কিছুদিন আগে আইসিসির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও সরকারের দোহাই দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি। আর এখন নিজের পদের বেলায় তিনি সরকারি হস্তক্ষেপের দোহাই দিয়ে আইসিসির সুরক্ষা চাইছেন, এটা খুবই অবাক করার মতো।’

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর