বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন করে ঝড় উঠেছে প্রশাসনিক পরিবর্তন ঘিরে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করায় বিতর্ক ছড়িয়ে পড়েছে।
সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, তিনি লিখেছেন, ‘বিসিবি নির্বাচনটা বিসিবির সংবিধান অনুযায়ীই করা হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান মানতে গিয়েই আপনাদের দলীয় নেতাদের কাউন্সিলর করা হয়নি। বরং এডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নাই’
বিজ্ঞাপন
এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, ‘আমরা এখানে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি।’ তিনি অভিযোগ করেন যে, আগের কমিটি গঠনে অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপ ছিল।
সম্প্রতি এনএসসি তদন্তের ভিত্তিতে বিসিবির আগের পর্ষদ ভেঙে দেয়। নতুন অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে একটি নির্বাচিত বোর্ড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিতে তামিম ইকবাল ছাড়াও কয়েকজন সাবেক ক্রিকেটার, পেশাদার ব্যক্তি এবং রাজনৈতিক পরিবারের সদস্য রয়েছেন বলে জানা গেছে।
আসিফ মাহমুদের দাবি, আগের নির্বাচন নিয়ম মেনেই হয়েছিল এবং রাজনৈতিক প্রভাব এড়াতে সচেতনভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বিসিবির নিজস্ব সংবিধানে অ্যাডহক কমিটির কোনো উল্লেখ না থাকায় এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এসটি




