চ্যাম্পিয়ন্স লিগে আজ জমজমাট এক রাত। বার্সেলোনা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদের। অপরদিকে আরেক হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ইউরোপিয়ান প্রতিযোগীতার বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজি মাঠে নামবে লিভারপুলের বিপক্ষে। অলরেডদের বিপক্ষে এ ম্যাচের আগে পিএসজি মিডফিল্ডার ভিতিনিয়া মনে করছেন, প্রতিপক্ষ লিভারপুল ফর্মে না থাকলেও তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “লিভারপুল তো লিভারপুলই। তারা হয়তো সেরা ছন্দে নেই, কিন্তু এখনও তারা দারুণ একটি দল।” পার্ক দে প্রিন্সেসে প্রথম লেগের আগে ভিতিনিয়া আরও বলেন, “এখানে এবং অ্যানফিল্ড- দুই জায়গাতেই ম্যাচ কঠিন হবে। আমাদের শতভাগ দিতে হবে, কারণ এটা খুব কঠিন লড়াই হতে যাচ্ছে।”
বিজ্ঞাপন
গত মৌসুমে এই দুই দলের মুখোমুখি হওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি। সেবার শেষ ষোলোতে প্যারিসে ১-০ গোলে জিতেছিল লিভারপুল, তবে অ্যানফিল্ডে একই ব্যবধানে জিতে টাই সমতায় ফেরায় পিএসজি, পরে টাইব্রেকারে জয় পায় ফরাসি ক্লাবটি। “প্রথম লেগে আমরা ভালো খেলেও হেরে যাই, যা হতাশাজনক ছিল। আমি মনে করি না গোল ছাড়া লিভারপুলের তেমন সুযোগ ছিল। তখনই বলেছিলাম, এভাবে খেলতে পারলে অ্যানফিল্ডে জেতা সম্ভব- শেষ পর্যন্ত সেটাই হয়েছে।”
তবে তিনি মনে করিয়ে দেন, সময় বদলেছে, দলও বদলেছে। “ওটা ছিল গত বছর। এখন পরিস্থিতি ভিন্ন। এক বছরে ফুটবলে অনেক কিছু বদলে যায়, তাই এই ম্যাচও আলাদা হবে।” এবারের লিভারপুল দলে নতুন মুখ হিসেবে থাকছেন ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে, যিনি আগে পিএসজিতে ছিলেন। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত ক্লাবটিতে খুব একটা সফল না হলেও এখন লিভারপুলের হয়ে দারুণ ছন্দে আছেন এবং এই মৌসুমে ১৭ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা।
ভিতিনিয়া বলেন, “হুগো দারুণ একজন মানুষ। তার সঙ্গে সময়টা ভালো কেটেছে। তখনও তার মান বোঝা যেত, যদিও পরিস্থিতি তার পক্ষে ছিল না। এই দুই ম্যাচ ছাড়া আমি তার জন্য শুভকামনা জানাই।”
অন্যদিকে পিএসজি কোচ লুইস এনরিক জানান, চোটের কারণে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না। মিডফিল্ডার ফাবিয়ান রুইজ এখনও পুরোপুরি ফিট নন, আর উইঙ্গার ব্র্যাডলি বারকোলাও ম্যাচ মিস করতে পারেন। বারকোলা সম্পর্কে এনরিক বলেন, “আমরা খেলোয়াড়ের জন্য সেরা পরিস্থিতি তৈরি করতে চাই। সে নিজেই জানাবে কখন সে প্রস্তুত।”
বিজ্ঞাপন
রুইজকে নিয়ে তিনি বলেন, “সে এখনও দলের সঙ্গে অনুশীলন শুরু করেনি। তাই খেলা সম্ভব নয়। তবে সে উন্নতি করছে, যা আমাদের জন্য ইতিবাচক।” ম্যাচে ফেভারিট কে- এমন প্রশ্নে এনরিকের জবাব, “এখানে ফেভারিট বলা কঠিন। গত বছর সবাই লিভারপুলকে এগিয়ে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত এগিয়েছে পিএসজি।” ঐ প্যারিস সেন্ট জার্মেইর মিডফিল্ডার ভিতিনিয়া মনে করছেন, প্রতিপক্ষ লিভারপুল ফর্মে না থাকলেও তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

