বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘এখন বাংলাদেশে সবচেয়ে বড় সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

‘এখন বাংলাদেশে সবচেয়ে বড় সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে’

আন্তর্জাতিক অঙ্গণে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি নাটকীয়তা দেখা যায় পাকিস্তান ক্রিকেটে। ম্যান ইন গ্রিনদের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটাররা- সবকিছুতেই বাড়তি নাটকীয়তা আর চাঞ্চল্য থাকে। এবার তেমন কিছুরই যেন দেখা মিলছে বাংলাদেশেও। খেলা দিয়ে যতটা না আলোচনা তারচেয়ে বেশি আলোচনা খেলার বাইরের বিষয় নিয়ে। বিসিবি নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল নানা গুঞ্জণ। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড টিকবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা সত্য করে গতকাল পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে, গঠিত হয়েছে অ্যাডহক কমিটি। সেই কমিটির প্রধান হয়েছেন তামিম ইকবাল যিনি গত অক্টোবরে নির্বাচন করতে চাইলেও পরে অনিয়মের অভিযোগে সরে দাঁড়ান।

বিসিবির বর্তমান প্রধান এখন তামিম ইকবালই। তামিমের আগে এই চেয়ারে গত দুই বছরে ছিলেন আরও ৩ জন। নাজমুল হাসান পাপনের পর ছিলেন ফারুক আহমেদ। তাকেও বেশ নাটকীয়তার মাধ্যমেই সরানো হয়। এরপর আইসিসির চাকরি ছেড়ে টি-টোয়েন্টির ছোট্ট ইনিংস খেলার ইচ্ছা পোষণ করে সভাপতি হন বুলবুল। পরে সেই ছোট্ট ইনিংস বড় করতে নির্বাচন করে সভাপতি হন আবার। কিন্তু ছয় মাসের মাঝেই বিদায় হল তাঁর। 


বিজ্ঞাপন


এসবের মাঝেই বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি। আবার ঘরোয়া ক্রিকেটও একপ্রকার থমকেই আছে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন একটা সার্কাসে পরিণত হয়েছে। এমনটাই জানিয়েছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। 

ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভাইরে ভাই। যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২০০০ টাকা খরচ করেও টিকিট কেনেন, আপনার সেই টিকিট বৃথা যাবে না।’ ৪০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশে আপনি না জানলেও মিডিয়ারা আপনাকে জানিয়ে দেবে। আর এমন ভাবে ঢোল পিটিয়ে জানাবে, আপনি যদি জানতে নাও চান তাও আপনি জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে, জানি না। ক্রিকেট তো এখন আর নেই। সার্কাস আছে। সার্কাসটা দেখতে সবার কাছে অনুরোধ।’

সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আমেরিকায় আজ তিন বছর আছি। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা আসলে কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে কাজ করছি প্রত্যেক দিন। এটা হয়তোবা আপনারা বলতে পারেন আমার ব্যর্থতা। তাই আমি জানি না।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর