বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে গতকাল। জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক এই অধিনায়কই এখন বিসিবি বস। বোর্ড সভাপতির চেয়ারে বসা তামিমকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।
টুইটারে রাজিব শুক্লা লিখেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পরিসরেও ক্রিকেটের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।'
বিজ্ঞাপন
গত অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর ২৫ সদস্যের পর্ষদ দায়িত্ব নিলেও শুরু থেকেই বিসিবি ছিল অস্থির। মাত্র ছয় মাসের মাথায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এবং বোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কায় সাতজন পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ফলে বোর্ডে টিকে ছিলেন মাত্র ১৭ জন। শেষ পর্যন্ত এনএসসির হস্তক্ষেপে পুরো পর্ষদই বিলুপ্ত হয়ে গেল।

এনএসসির জরুরি বৈঠকের আগে গুঞ্জন ছিল ১৫ সদস্যের কমিটি হতে পারে। কিন্তু শেষমেশ ১১ সদস্য নিয়ে তিন মাসের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অধীনেই বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন তামিম।
অ্যাডহক কমিটির সদস্যরা: তামিম ইকবাল (আহ্বায়ক) রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা

