শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

এক যুগ পর বায়ার্নের কাছে হেরে যা বললেন রিয়াল মাদ্রিদ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

শেয়ার করুন:

এক যুগ পর বায়ার্নের কাছে হেরে যা বললেন রিয়াল মাদ্রিদ কোচ

বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হারলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার আশা এখনো জিইয়ে আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।

ম্যাচে একদিকে লুইস দিয়াজ ও হ্যারি কেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। শেষ দিকে কিলিয়ান এমবাপে একটি গোল শোধ করলেও সমতায় ফিরতে পারেনি রিয়াল।


বিজ্ঞাপন


এক যুগেরও বেশি সময় পর রেয়ালের বিপক্ষে জয়ের দেখা পেল বায়ার্ন। এর আগে তারা মাদ্রিদের দলটির বিপক্ষে সবশেষ জিতেছিল ২০১১-১২ আসরে, সেমি-ফাইনালের প্রথম লেগে, ২-১ গোলে। 

ম্যাচ শেষে আরবেলোয়া বলেন, “এটা এমন এক হার, যেটা হয়তো দ্বিতীয়ার্ধে একটু ভাগ্য ভালো থাকলে এড়ানো যেত।” তিনি আরও যোগ করেন, “আমরা জানতাম শক্তিশালী দলের মুখোমুখি হচ্ছি। কিন্তু দুটি ভুল করেছি, দুবার বল হারিয়েছি, এগুলো নিয়েই আগে থেকে সতর্ক করা হয়েছিল। এমন দলের বিপক্ষে ভুল করলে শাস্তি পেতেই হয়।”

তবে এমবাপের গোলকে ইতিবাচক হিসেবে দেখছেন কোচ, “এই গোল আমাদের আশা বাঁচিয়ে রেখেছে। আরও কিছু সুযোগ ছিল, সেগুলো কাজে লাগাতে পারলে ভিন্ন কিছু হতে পারত।” দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী আরবেলোয়া। তার ভাষায়, “সহজ হবে না, কিন্তু মিউনিখে গিয়ে জিততে পারে, এমন দল যদি কেউ হয়, সেটা রিয়াল মাদ্রিদ।”

জানুয়ারিতে দায়িত্ব নেওয়া এই কোচ মনে করেন, এই হার থেকে দল অনেক কিছু শিখবে। সমর্থকদের উদ্দেশে তার বার্তা, “যারা বিশ্বাস করে না, তারা মাদ্রিদেই থাকুক। আমরা জিততে সর্বস্ব দিয়ে লড়তে জার্মানিতে যাচ্ছি।” দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ১৫ এপ্রিল, বায়ার্ন মিউনিখের মাঠে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর