মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে সিডনিতে গ্রেফতার হয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বার্তা সংস্থা এএপির প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের দেহে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত আইনি সীমার দ্বিগুণ ছিল।
রোববার ব্রেথালাইজার টেস্টে ব্যর্থ হওয়ার পর ওয়ার্নারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বিজ্ঞাপন
বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন ওয়ার্নার। লিগের সূচির মাঝে এক সপ্তাহের বিরতিতে ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফেরার অনুমতি পেয়েছিলেন বাঁহাতি এই ওপেনার।
করাচির হয়ে সবশেষ গত বৃহস্পতিবার মাঠে নামেন ওয়ার্ডার। রাওয়ালপিন্ডিজের বিপক্ষে জয়ের ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। করাচির পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার, পেশোয়ার জালমির বিপক্ষে।
ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে, গ্রেফতার হলেও ওয়ার্নারের নির্ধারিত সময়ে পাকিস্তানে ফেরার পথে কোনো বাধা সৃষ্টি করবে না। যথাসময়ে তিনি ম্যাচে অংশ নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে পিএসএলে তিন ম্যাচের সবকটি ম্যাচ জিতেছে করাচি।
বিজ্ঞাপন
আগামী ৭ মে সিডনির আদালতে হাজির হওয়ার কথা রয়েছে ওয়ার্নারের। ফলে পিএসএলের বাকি ম্যাচগুলোতে তার অংশগ্রহণে কোনো সমস্যা হবে না। আগামী ৩ মে লাহোরে টুর্নামেন্টের ফাইনাল হবে।

