গত অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে যে অনিয়মের অভিযোগ উঠেছিল। যার প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে।
একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করবে।
বিজ্ঞাপন
এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান সংবাদ সম্মেলনে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে স্পষ্ট প্রমাণ মিলেছে যে, অক্টোবরের নির্বাচন পুরোপুরি স্বচ্ছ ছিল না। তদন্তের সময় বর্তমান পর্ষদের একাধিক পরিচালকও অনিয়মের কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন অ্যাডহক কমিটির সদস্যদের নাম এবং তদন্ত প্রতিবেদনের বিস্তারিত তথ্যও আইসিসির কাছে পাঠানো হয়েছে।
অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর ২৫ সদস্যের পর্ষদ দায়িত্ব নিলেও শুরু থেকেই বিসিবি ছিল অস্থির। মাত্র ছয় মাসের মাথায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এবং বোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কায় সাতজন পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ফলে বোর্ডে টিকে ছিলেন মাত্র ১৭ জন। শেষ পর্যন্ত এনএসসির হস্তক্ষেপে পুরো পর্ষদই বিলুপ্ত হয়ে গেল।
এনএসসির জরুরি বৈঠকের আগে গুঞ্জন ছিল ১৫ সদস্যের কমিটি হতে পারে। কিন্তু শেষমেশ ১১ সদস্য নিয়ে তিন মাসের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
অ্যাডহক কমিটির সদস্যরা: তামিম ইকবাল (আহ্বায়ক) রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা
এসটি

