বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসান এখনো ক্রিকেটকেই সবার আগে রাখছেন। দেশের বাইরে থেকেও তার মনোযোগ পুরোপুরি সবুজ মাঠের দিকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে মাঠের পারফরম্যান্সই তার কাছে সবচেয়ে বড় বিষয়। রাজনীতি বা অন্য কোনো আলোচনার চেয়ে ক্রিকেটে ফিরে আসা এবং জাতীয় দলের হয়ে খেলাই এখন তার প্রধান লক্ষ্য।
সাকিব জানিয়েছেন, ভক্তদের প্রত্যাশা পূরণ করতে তিনি নিয়মিত প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। দেশে ফেরা এবং জাতীয় দলে নিয়মিত জায়গা করে নেওয়াই তার আপাতত একমাত্র অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকলেও জাতীয় দলের প্রতি তার ভালোবাসা ও প্রতিশ্রুতি অটুট রয়েছে বলে উল্লেখ করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
বিজ্ঞাপন
এদিকে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে সম্ভাব্য ফেরা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পূর্বাচল ক্রিকেট মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব যদি দেশে আসেন এবং সিলেক্টররা তাকে খেলার জন্য ফিট মনে করেন, তাহলে তিনি অবশ্যই খেলবেন।
তবে সাকিবের দেশে ফেরার বিষয়টি পুরোপুরি ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে নেই। বুলবুল জানান, “এখানে বেশ কিছু প্রক্রিয়া ও ঝামেলা রয়েছে, যা বিসিবির আওতায় নয়। সেগুলো যদি ক্লিয়ার হয় এবং সাকিব উপলব্ধ থাকেন, তাহলে আমরা তাকে সিলেকশনের জন্য প্রস্তুত রাখব।”
সাকিব আল হাসানের ফেরা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকার মাঠে ফিরে আসার। সাকিব নিজেও স্পষ্ট করেছেন যে, ক্রিকেটের বাইরে অন্য কোনো বিষয় এখন তার কাছে প্রাধান্য পাচ্ছে না।
এসটি

